• NEWS PORTAL

  • রবিবার, ০১ মার্চ ২০২৬

ইরানের স্কুলে নিহতের সংখ্যা বেড়ে ৮৫

প্রকাশিত: ০০:০৩, ১ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ইরানের স্কুলে নিহতের সংখ্যা বেড়ে ৮৫

ছবি: আল জাজিরা

ইরানে স্কুলে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে। শনিবারের হামলায় আরও কয়েকডজন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

ইরানের বিচার বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত সংবাদমাধ্যম মিজান অনলাইন জানায়, হামলার সময় স্কুলটিতে ১৭০ জনের বেশি শিক্ষার্থী উপস্থিত ছিলো। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিনাবের সরকারি কর্মকর্তা মোহাম্মদ রেদমেহের দাবি করেন, স্কুলটিকে সরাসরি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

একই দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত হামলায় ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ২০টিরও বেশি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি। সংস্থাটির মুখপাত্র মোজতবা খালেদি বলেন, এখন পর্যন্ত ২০টির বেশি প্রদেশ হামলার শিকার হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, একাধিক মন্ত্রী ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া ভাষণে বলেছেন, ইরানে ইসরায়েলি ও মার্কিন হামলার সঙ্গে জড়িত সব স্থাপনা এখন ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীর ‘বৈধ লক্ষ্যবস্তু’। তিনি সতর্ক করে বলেন, যেসব স্থান থেকে এই অভিযান পরিচালিত হয়েছে কিংবা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে—সবই এখন তাদের লক্ষ্যবস্তুর আওতায়। সূত্র: আল জাজিরা।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত