অস্টিনে বারে গুলিবর্ষণ; সন্দেহভাজনসহ নিহত ৩, আহত ১৪
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে একটি বারে বন্দুকধারীর গুলিতে অন্তত দু’জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার (১ মার্চ) রাত ২টার দিকে অস্টিনের সিক্সথ স্ট্রিটের বিনোদন এলাকায় অবস্থিত ‘বাফোর্ডস’ বারে এ হামলার ঘটনা ঘটে। গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পুলিশ জানায়, ঘটনাস্থলেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে গুলিবিনিময়ে সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছে।
অস্টিন পুলিশের প্রধান লিসা ডেভিস সংবাদ সম্মেলনে বলেন, শুরুতেই বলতে চাই, আমরা কতটা ভাগ্যবান ছিলাম। সাপ্তাহিক ছুটির দিনে ওই এলাকায় পুলিশ ও চিকিৎসাকর্মীরা নিয়মিত টহলে থাকেন। ফলে দ্রুত সাড়া দেওয়া সম্ভব হয়েছে।
অস্টিন-ট্রাভিস কাউন্টির জরুরি চিকিৎসা সেবার প্রধান রবার্ট লুক্রিটজ জানান, মাত্র ৫৭ সেকেন্ডের মধ্যে প্যারামেডিক দল ঘটনাস্থলে পৌঁছে যায়। সেখানেই তিনজনকে মৃত ঘোষণা করা হয়, যার মধ্যে হামলাকারীও রয়েছে। আহত ১৪ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
তবে হামলাকারীর পরিচয় ও হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ। দ্রুত সাড়া দেওয়ায় পুলিশ ও উদ্ধারকর্মীদের প্রশংসা করেছেন অস্টিনের মেয়র কার্ক ওয়াটসন।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: