ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহত, আলোচনা করতে চায় নতুন নেতৃত্ব: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানে চলমান মার্কিন-ইসরায়েলি অভিযানে দেশটির ৪৮ জন শীর্ষ নেতা নিহত হয়েছেন। এছাড়াও, ইরানের নতুন নেতৃত্ব তার সঙ্গে আলোচনা করতে চায় বলেও জানান ট্রাম্প। আলজাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
এদিকে, ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমাদের অর্জিত সাফল্য কেউ বিশ্বাস করতে পারছে না; এক আঘাতেই ৪৮ জন নেতা শেষ হয়ে গেছে। অভিযান দ্রুত এগিয়ে চলছে। এছাড়াও, সংবাদমাধ্যম সিএনবিসি–কে দেওয়া পৃথক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমরা শুধু নিজেদের জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্য দায়িত্ব পালন করছি। পরিস্থিতি এখন খুব ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে।”
অন্যদিকে, দ্য আটলান্টিক ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের নতুন নেতৃত্ব যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী। তিনিও এ বিষয়ে সম্মতি দিয়েছেন। উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, তারা (ইরানের নতুন নেতৃত্ব) কথা বলতে চায়, এবং আমি কথা বলতে রাজি হয়েছি। আমি তাদের সঙ্গে কথা বলব।”
ট্রাম্প আরও বলেন, তাদের এটি আরও আগেই করা উচিত ছিল। যে বিষয়গুলো বাস্তবসম্মত এবং সহজে সমাধানযোগ্য ছিল, সেগুলো অনেক আগেই নিষ্পত্তি করা যেত। তারা অনেক বেশি দেরি করে ফেলেছে।
তবে, ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে কবে এবং কীভাবে আলোচনা হবে সে বিষয়ে ট্রাম্প কোনো নির্দিষ্ট মন্তব্য করেননি।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: