• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

কারাগার থেকে ইমরান খানের বিস্ফোরক অভিযোগ! 

প্রকাশিত: ১৯:৩৮, ২৪ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
কারাগার থেকে ইমরান খানের বিস্ফোরক অভিযোগ! 

ছবি: ইমরান খান (ফাইল ফটো)

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান কারাগার থেকেই দেশটির বিচার ব্যবস্থা নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তার দাবি, মানসিকভাবে তাকে ভেঙে দিতে স্ত্রী বুশরা বিবির সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট-এর বরাতে জানা গেছে, কারাবন্দী ইমরান সম্প্রতি তার ছেলে কাসিমের মাধ্যমে এসব অভিযোগ সামনে আনেন। ঈদের সময় পারিবারিক কথোপকথনের পর বিষয়টি প্রকাশ্যে আসে।

ইমরান খান বলেন, ‘এই দেশের বিচারকদের লজ্জিত হওয়া উচিত। তারা জানে আমাকে ভাঙতে পারবে না, তাই আমার স্ত্রীকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। শুধু আমাকে ব্ল্যাকমেল করার জন্য বুশরা বিবির সঙ্গে এমন আচরণ কীভাবে সম্ভব?

তিনি আরও অভিযোগ করেন, বুশরা বিবিকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। সপ্তাহে মাত্র ৩০ মিনিট দেখা করার অনুমতি দেওয়া হয়, সেটিও অনেক সময় মিলছে না। এদিকে বুশরা বিবির শারীরিক অবস্থাও ভালো নয় বলে জানিয়েছেন ইমরান। তার দাবি, হাসপাতালে থাকা সত্ত্বেও প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না তিনি।

শুধু স্ত্রীই নন, ইমরান খানের নিজের শারীরিক অবস্থাও এখন উদ্বেগজনক। তার আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, ডান চোখের প্রায় ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন তিনি।

সম্প্রতি ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশে গঠিত একটি মেডিকেল বোর্ড আদিয়ালা কারাগারে তার চোখ পরীক্ষা করে ‘সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন (সিআরভিও)’ রোগ শনাক্ত করেছে—যা স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি তৈরি করতে পারে। তার সঠিক চিকিৎসা নিশ্চিতের দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে চিঠি পাঠিয়েছেন ১৪ জন সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার। 

উল্লেখ্য, ২০২৩ সালের আগস্ট থেকে বিভিন্ন মামলায় কারাবন্দী রয়েছেন ইমরান খান।

বিভি/এমআর

মন্তব্য করুন: