• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

ইরানের সাফ কথা; পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত লড়াই চলবে

প্রকাশিত: ২১:০৪, ২৪ মার্চ ২০২৬

আপডেট: ২১:০৪, ২৪ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ইরানের সাফ কথা; পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত লড়াই চলবে

ছবি: ফরচুন

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতে পিছু হটার কোনো ইঙ্গিত দিচ্ছে না ইরান। ‘পূর্ণাঙ্গ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত’ লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী।

মঙ্গলবার (২৪ মার্চ) ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডের এক মুখপাত্র এ ঘোষণা দেন। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বক্তব্যে খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কর্মকর্তা আলী আবদুল্লাহি আলিয়াবাদি বলেন, ইরানের সার্বভৌমত্ব রক্ষায় তাদের বাহিনী ‘গর্বিত, অবিচল এবং দৃঢ়প্রতিজ্ঞ।’

তবে ‘পূর্ণাঙ্গ বিজয়’ বলতে ঠিক কী বোঝানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। ধারণা করা হচ্ছে, সম্ভাব্য কোনো আলোচনায় ছাড় না দেওয়ার অবস্থান স্পষ্ট করতেই এই বার্তা দেওয়া হয়েছে।

এদিকে, যুদ্ধের ২৫তম দিনেও উভয় পক্ষের হামলা অব্যাহত রয়েছে। ইরান দাবি করেছে, তারা ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। অন্যদিকে, ইসরাইল ইরানের সরকারি ও সামরিক স্থাপনায় আঘাত হানার কথা জানিয়েছে।

ইরানি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সর্বশেষ হামলায় দেশটির দুটি গ্যাস স্থাপনা ও একটি পাইপলাইন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ অবকাঠামোয় হামলা থেকে পাঁচ দিনের বিরতি ঘোষণা করেন এবং দাবি করেন, ইরানের সঙ্গে আলোচনা এগোচ্ছে। তবে ইরান সেই দাবি অস্বীকার করে জানিয়েছে, যুদ্ধ বন্ধে বর্তমানে কোনো আলোচনা চলছে না।

এদিকে সংঘাত নিরসনে পাকিস্তান মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলো রাজি থাকলে আলোচনার আয়োজন করতে প্রস্তুত বলেও জানিয়েছে ইসলামাবাদ। সূত্র: আল জাজিরা, এএফপি

বিভি/এমআর

মন্তব্য করুন: