মধ্যপ্রাচ্যে বিরল ঝড়ের সতর্কবার্তা: বন্যা ও টর্নেডোর শঙ্কা
মধ্যপ্রাচ্যের জলবায়ুতে বিরল ও শক্তিশালী পরিবর্তনের প্রভাব দেখা দিচ্ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, একটি ব্যাপক ঝোড়ো সিস্টেমের কারণে আরব উপদ্বীপ ও পারস্য উপসাগরীয় অঞ্চলে ভয়াবহ বজ্রঝড়, টর্নেডো এবং বিধ্বংসী শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগের ফলে মরুভূমির বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে, যেখানে মাত্র তিন দিনেই এক বছরের সমান বৃষ্টিপাত হতে পারে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আবহাওয়ার পূর্বাভাসের বরাতে প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল নাগাদ ইরানের কিছু অংশ থেকে দুবাই ও আবুধাবি পর্যন্ত ঝড়ের প্রভাব ছড়িয়ে পড়তে পারে। এতে প্রধান মহাসড়ক, বিমানবন্দর এবং শহুরে এলাকা প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে। চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার সঙ্গে মিলিত হলে এই দুর্যোগ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে উত্তর ওমান, দুবাই ও আবুধাবিতে ভারী বৃষ্টিপাত ও বন্যার ঝুঁকি দিন দিন বাড়ছে। উদাহরণস্বরূপ, দুবাইয়ে সাধারণত বছরে গড়ে ৪ ইঞ্চি বৃষ্টিপাত হয়, কিন্তু এই সপ্তাহের শেষ নাগাদ সেখানে ৩–৬ ইঞ্চি বৃষ্টি হতে পারে। এর আগে ২০২৪ সালের এপ্রিল মাসে একই ধরনের বৃষ্টিপাতে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ১,২০০-এর বেশি ফ্লাইট বাতিল করতে হয়েছিল।
মরুভূমির বালি দ্রুত পানি শুষে নিতে পারে না, ফলে আবুধাবি থেকে দুবাই পর্যন্ত শহুরে এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকি অনেক বেশি। এই অস্থিতিশীল আবহাওয়া এপ্রিল মাসের শুরু পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, ভূমধ্যসাগরীয় অঞ্চলে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে, যা বুধবার বাগদাদের কাছে আরও শক্তিশালী হবে। এর সঙ্গে যুক্ত হবে বায়ুমণ্ডলের ওপরের স্তরের তীব্র বায়ুপ্রবাহ। এই সিস্টেমের কারণে মরুভূমিতে ঘূর্ণায়মান বজ্রঝড় তৈরি হতে পারে, যা থেকে বিরল হলেও টর্নেডো হতে পারে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৬০ মাইল পর্যন্ত পৌঁছতে পারে এবং ডিমের আকারের সমান বড় শিলাবৃষ্টি পড়তে পারে।
প্রতিকূল আবহাওয়ার আশঙ্কায় কাতার ও মিসর ইতোমধ্যে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। কাতারের শ্রম মন্ত্রণালয় তাদের কর্মীদের সুরক্ষার জন্য স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা ব্যবস্থা মেনে চলার নির্দেশ দিয়েছে। মিসরের শিক্ষা মন্ত্রণালয় বুধ ও বৃহস্পতিবার স্কুল বন্ধ ঘোষণা করেছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি বাড়িয়েছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: