হামলায় আইআরজিসির নৌপ্রধান তাংসিরি নিহত: দাবি ইসরাইলের
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরিকে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী। ইসরাইলি গণমাধ্যম টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।
একজন ইসরাইলি কর্মকর্তা দাবি করেছেন, বন্দর আব্বাসে এক হামলায় তাংসিরি নিহত হন। তিনি হরমুজ প্রণালি বন্ধের জন্য দায়ী ছিলেন বলেও ওই কর্মকর্তা জানান।
তবে এই ঘটনার বিষয়ে এখনও ইরান বা ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে, দক্ষিণ লেবাননে গত রাতে হিজবুল্লাহ সদস্যদের সঙ্গে গোলাগুলি বিনিময়ে আইডিএফের এক সেনা নিহত হয়েছেন।
টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট ওরি গ্রিনবার্গ (২১), তিনি পেতাহ টিকভার বাসিন্দা এবং গোলানি ব্রিগেডের রিকনেসান্স ইউনিটের সদস্য ছিলেন। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের নতুন করে শুরু হওয়া স্থল অভিযানে নিহত হওয়া তিনি তৃতীয় আইডিএফ সেনা।
আইডিএফের প্রাথমিক তদন্ত অনুযায়ী, বৃহস্পতিবার ভোর ২টার দিকে গোলানি সেনারা দক্ষিণ লেবাননে তাদের অভিযান এলাকায় বেশ কয়েকজন হিজবুল্লাহ সদস্যকে শনাক্ত করে। সেনারা হিজবুল্লাহ বন্দুকধারীদের সাথে গুলি বিনিময় করলে, একপর্যায়ে গ্রিনবার্গ নিহত হন এবং আরেকজন সেনা আহত হন।
বিভি/টিটি



মন্তব্য করুন: