ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিত ঘোষণা করলো ট্রাম্প
ছবি: ডোনাল্ড ট্রাম্প (সংগৃহীত)
হরমুজ প্রণালীর অবরোধ তোলার শর্তে ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার আল্টিমেটাম তৃতীয় দফায় আরও ১০ দিন বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ অবস্থায় হরমুজে শত্রুর জাহাজ অবরোধে তেহরানের আইনি অধিকার রয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
ইরানের সাথে যুদ্ধ বন্ধের জন্য সমঝোতা আলোচনা চলার দাবি পুনর্ব্যক্ত করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তেহরানকে দেওয়া আল্টিমেটাম আগামী ৬ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প উল্লেখ করেছেন, ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা পরিকল্পনা আগামী ৬ এপ্রিল রাত আটটা পর্যন্ত স্থগিত করা হলো। হরমুজ প্রণালি খুলে দেওয়ার শর্তে গত ১৫ মার্চ ইরানকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেন ট্রাম্প। পরদিনই এর মেয়াদ ৫ দিন বাড়ানো হয়।
এদিকে, জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেসের সাথে ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচল করা শত্রুর জাহাজে বাধা দেওয়ার আইনি অধিকার রয়েছে তেহরানের। এমন পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র আর জায়নবাদী ইসরাইলের আগ্রাসনকে দায়ী করেছেন আরাগচি।
এদিকে, টানা ২৮ তম দিনে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন অবস্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আর ইসরাইলের যৌথ বাহিনী। ধসিয়ে দেওয়া হয়েছে বাড়িঘর। জবাবে ইসরাইলে ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলা হয়েছে মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থান লক্ষ্য করে। এতে বাহরাইনের মুহাররাক অঞ্চলের একটি স্থাপনায় আগুন লেগেছে। অন্তত দুই ডজন ড্রোন আর ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে সৌদি আরবের প্রতিরক্ষা দফতর। আর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত।
বিভি/এআই



মন্তব্য করুন: