• NEWS PORTAL

  • মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে গিয়ে পা পিছলে পড়ে আহত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১৫:৩৪, ৩০ মার্চ ২০২৬

আপডেট: ১৫:৩৪, ৩০ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে গিয়ে পা পিছলে পড়ে আহত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর সময় পা পিছলে পড়ে আহত হয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তার কাঁধে ‘হেয়ারলাইন ফ্র্যাকচার’ হয়েছে। 

রবিবার (২৯ মার্চ) দিবাগত রাতে রাজধানী ইসলামাবাদে মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর সময় এ ঘটনা ঘটে। তার ছেলে আলী দার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, চোট পাওয়া সত্ত্বেও তার বাবা সারাদিন পেইনকিলার বা ব্যথানাশক ওষুধ খেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সব দাপ্তরিক সভা ও দায়িত্ব পালন করেছেন। রাত ৯টার দিকে দাপ্তরিক কাজ শেষ হওয়ার পর পরিবারের সদস্যদের পীড়াপীড়িতে তার শারীরিক পরীক্ষা করানো হয় এবং এক্স-রে প্রতিবেদনে কাঁধে এই সামান্য চোট ধরা পড়ে। আগামী কয়েক দিন তাকে ওষুধের মাধ্যমে ব্যথা নিয়ন্ত্রণ এবং অন্যান্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে যখন উপসাগরীয় অঞ্চলের যুদ্ধ বন্ধে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ চারদেশীয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল। 

মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন-ইসরায়েলি জোটের সংঘাত এক মাস পূর্ণ হওয়ার প্রেক্ষাপটে আঞ্চলিক উত্তেজনা প্রশমন এবং কূটনীতির মাধ্যমে শান্তি ফেরানোর লক্ষে এই সমন্বয় সভার আয়োজন করা হয়। ইসহাক দার বৈঠকে জানান যে, চার দেশের মন্ত্রীরা চলমান যুদ্ধে জীবন ও জীবিকার ওপর ‘বিধ্বংসী প্রভাব’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা একমত হয়েছেন যে, এই যুদ্ধ কারও পক্ষেই যাবে না এবং এটি কেবল মৃত্যু ও ধ্বংসই বয়ে আনবে।

বৈঠকে উপস্থিত চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অবিলম্বে শত্রুতা বন্ধের প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানান। তারা ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সুসংগঠিত আলোচনার পরিবেশ তৈরি করার প্রচেষ্টাকে সমর্থন করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। 

ইসহাক দারের দ্রুত সুস্থতা কামনা করে অনেক শুভাকাঙ্ক্ষী ও কূটনৈতিক ব্যক্তিত্ব বার্তা পাঠিয়েছেন। আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং যথাযথ চিকিৎসার মাধ্যমে তিনি শীঘ্রই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত