• NEWS PORTAL

  • মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

মিয়ানমারে ক্ষমতার খেলায় নতুন মোড়!

প্রকাশিত: ১৫:৩৫, ৩০ মার্চ ২০২৬

আপডেট: ১৫:৩৮, ৩০ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
মিয়ানমারে ক্ষমতার খেলায় নতুন মোড়!

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

মিয়ানমারের সামরিক জান্তার প্রধান মিন অং হ্লাইংকে ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব থেকেও সরিয়ে নতুন সেনাপ্রধান নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, এটি মূলত সামরিক পোশাক ছেড়ে বেসামরিক পরিচয়ে ক্ষমতা ধরে রাখার কৌশল।

সোমবার (৩০ মার্চ) মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত নিম্নকক্ষের অধিবেশনে এমপি কিয়াও কিয়াও হটে বলেন, তিনি সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন দিচ্ছেন।

মিয়ানমারে মোট তিনজন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। পরে সংসদীয় ভোটে তাদের মধ্য থেকে একজনকে প্রেসিডেন্ট নির্বাচন করা হবে। ফলে মিন অং হ্লাইংয়ের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

উল্লেখ্য, ২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছিলেন মিন অং হ্লাইং। এরপর দীর্ঘ সময় কঠোর শাসন চালান তিনি। সম্প্রতি জান্তা-নিয়ন্ত্রিত নির্বাচনে ভোট নিয়ে সমালোচনা ও প্রতিবাদ কঠোরভাবে দমন করা হয়। জানুয়ারির শেষ দিকে অনুষ্ঠিত ওই নির্বাচনে সামরিকপন্থী দলগুলো বড় জয় পায়।

এদিকে নতুন সেনাপ্রধান হিসেবে সাবেক গোয়েন্দাপ্রধান য়ে উইন উ-কে নিয়োগ দিয়েছে জান্তা সরকার। রাজধানী নেইপিদোতে আয়োজিত অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হয় বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, মিন অং হ্লাইং এখন এমন এক পরিবর্তনের পথে হাঁটছেন, যেখানে তিনি সামরিক ক্ষমতা কিছুটা হস্তান্তর করলেও বেসামরিক কাঠামোর আড়ালে ক্ষমতা ধরে রাখতে চাইছেন। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত