বিশ্ববাজারে তেলের দামে আগুন, ব্যারেল ছাড়ালো ১১৬ ডলার
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রভাবে অস্থিতিশীল হয়ে উঠেছে বিশ্বের আর্থিক খাত ও জ্বালানি বাজার। যুদ্ধের উত্তাপে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে আবারও ১০০ ডলারের মাইলফলক ছাড়িয়ে গেছে।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়ে উঠেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়িয়েছে। গত ১৯ মার্চের পর তেলের এই দাম সর্বোচ্চ। ৩০ মার্চ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
যুদ্ধের আগে যেখানে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম ছিল মাত্র ৭২ ডলারের কাছাকাছি, সেখানে মাত্র এক মাসের ব্যবধানে এই বিশাল মূল্যবৃদ্ধি বিশ্ব অর্থনীতিতে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। বাজার বিশ্লেষকদের মতে, জ্বালানি তেলের এই অস্বাভাবিক দাম বাড়ার মূল কারণ হলো বিনিয়োগকারীদের মধ্যে সরবরাহ বন্ধ হওয়ার আশঙ্কা। ইরান বিশ্বের অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ হওয়ায় তাদের ওপর নিষেধাজ্ঞা ও যুদ্ধের প্রভাব সরাসরি বৈশ্বিক বাজারে পড়ছে।
এছাড়া লোহিত সাগরে হুথি বিদ্রোহীদের তৎপরতা এবং সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে চালানো সাম্প্রতিক হামলাগুলো তেলের বাজারে আগুনের মতো কাজ করেছে। যদি এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় এবং তেল সমৃদ্ধ দেশগুলোর উৎপাদন ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়, তবে অদূর ভবিষ্যতে তেলের দাম আরও বাড়বে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।
যুক্তরাষ্ট্র ইরানে স্থল অভিযান চালাতে পারে, তেহরানের এমন আশঙ্কার পর জ্বালানি বাজারে এই অস্থিরতা শুরু হয়েছে। তেলের দাম বাড়ার সমান্তরালে এশিয়ার পুঁজিবাজারে বড় ধস নেমেছে। সোমবার সকালে জাপানের নিক্কেই ২২৫ এবং দক্ষিণ কোরিয়ার কোস্পি ইনডেক্স ৪ শতাংশের বেশি দরপতন হয়েছে।
বিভি/এমএফআর



মন্তব্য করুন: