• NEWS PORTAL

  • মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

কুয়েতের ট্যাংকারে ইরানের হামলা, সাগরে তেল ছড়িয়ে পড়ার শঙ্কা

প্রকাশিত: ১৫:৩৮, ৩১ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
কুয়েতের ট্যাংকারে ইরানের হামলা, সাগরে তেল ছড়িয়ে পড়ার শঙ্কা

দুবাই বন্দরের বহির্নোঙরে কুয়েতের জ্বালানি তেলবোঝাই জাহাজে হামলা চালানো হলে এতে আগুন ধরে যায়। জাহাজটির মূল কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাগরে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোন হামলার ফলে আগুন লেগেছিল, যা মঙ্গলবার ভোরে কয়েক ঘণ্টার চেষ্টায় নেভানো হয়েছে। জাহাজটির ২৪ জন ক্রু নিরাপদে থাকলেও জাহাজের মালিক কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি) ক্ষয়ক্ষতির পাশাপাশি তেলের পরিবহনে ঝুঁকি নির্দেশ করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার কয়েক ঘণ্টা আগে ইরানকে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, হরমুজ প্রণালি খোলা না হলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎকেন্দ্র ও তেলের খনিগুলো ধ্বংস করবে।

‘আল-সালমি’ নামের কুয়েতি জাহাজটি কুয়েত ও সৌদি আরব থেকে ২০ লাখ ব্যারেল তেল নিয়ে চীনের চিংদাও বন্দরের দিকে যাচ্ছিল। হামলার খবর প্রকাশের সঙ্গে সঙ্গে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম সাময়িকভাবে বেড়ে যায়।

মধ্যপ্রাচ্যে গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে উত্তেজনা তীব্র হচ্ছে। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলা এবং সামরিক মহড়ার খবর আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্বিগ্ন করেছে। সংঘাতের কারণে আন্তর্জাতিক তেল সরবরাহে বিঘ্ন ঘটছে, যা বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করছে। বিভিন্ন দেশ কূটনৈতিক উদ্যোগ নেওয়ার চেষ্টা করলেও, অঞ্চলে সামরিক হামলার আশঙ্কা এখনও কাটেনি। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, চলমান উত্তেজনা যদি দীর্ঘায়িত হয়, তবে তা তেলের বাজারে ব্যাপক অস্থিরতা এবং পারস্য উপসাগরের নৌপথে নিরাপত্তা সংকট সৃষ্টি করতে পারে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত