• NEWS PORTAL

  • শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

জানা গেলো যুদ্ধে ইরানের আর্থিক ক্ষতির পরিমাণ

প্রকাশিত: ২০:১৪, ১০ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
জানা গেলো যুদ্ধে ইরানের আর্থিক ক্ষতির পরিমাণ

ছবি: রয়টার্স

মাত্র ৪০ দিনের যুদ্ধেই ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ভয়াবহ ক্ষয়ক্ষতির তথ্য সামনে এসেছে। হামলার কারণে দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এতে শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র, বিমানবন্দর ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন বলেও উল্লেখ করা হয়।

সংবাদমাধ্যম আল-আরাবিয়া শুক্রবার (১০ এপ্রিল) ইসরাইলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট-এর বরাতে জানিয়েছে, এই যুদ্ধকালীন ধ্বংসযজ্ঞে ইরানের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৪০ থেকে ১৪৫ বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৮ লাখ কোটি টাকা।

এদিকে ইরানের রেডক্রস সোসাইটির প্রধান পিরহোসেন কোলিভান্ড জানান, যুদ্ধে ইরানের মোট ১ লাখ ২৫ হাজার ৬৩০টি বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে। এর মধ্যে প্রায় ১ লাখ আবাসিক বাড়ি রয়েছে, যেগুলোর কিছু আংশিক এবং কিছু পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, হামলার শিকার হয়েছে প্রায় ২৩ হাজার ৫০০টি বাণিজ্যিক কেন্দ্র। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৩৯টি হাসপাতাল, ফার্মেসি, ল্যাবরেটরি, স্বাস্থ্যকেন্দ্র এবং জরুরি ইউনিট।

শিক্ষা খাতেও বড় ধরনের ক্ষতির কথা উঠে এসেছে। যুদ্ধে ৩২টি বিশ্ববিদ্যালয় ও ৮৫৭টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া রেডক্রসের অন্তত ২০টি অবকাঠামো ধ্বংস হয়েছে বলেও দাবি করা হয়েছে।

অন্যদিকে, ওয়ালস্ট্রিট জার্নাল-এর তথ্য অনুযায়ী, হামলায় ইরানের চারটি প্রধান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র— খোজির, পারচিন, হাকিমিয়েহ এবং শারাউদ— ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ২৯টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রেও বড় ধরনের ক্ষতির দাবি করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, এসব হামলার প্রভাব শুধু সামরিক ক্ষেত্রেই নয়, বরং ইরানের অর্থনীতি ও সাধারণ জনগণের জীবনযাত্রায় দীর্ঘমেয়াদি সংকট তৈরি করতে পারে। সূত্র: আল-আরাবিয়া

বিভি/এমআর

মন্তব্য করুন: