জান্তা প্রধানই এবার মিয়ানমারের প্রেসিডেন্ট!
ছবি: মিন অং হ্লাইং
মিয়ানমারের সামরিক জান্তা প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পাঁচ বছর পর আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপ্রধানের পদে বসলেন তিনি। শুক্রবার (১০ এপ্রিল) রাজধানী নেপিদোতে আয়োজিত এক অভিষেক অনুষ্ঠানে মিন অং হ্লাইং শপথ নেন।
শপথ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি দাবি করেন, মিয়ানমার আবারও ‘গণতন্ত্রের পথে’ ফিরছে এবং দেশটি উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন, এখনও দেশকে বহু ‘চ্যালেঞ্জ’ মোকাবিলা করতে হচ্ছে।
এর আগে গত সপ্তাহে জান্তাপন্থী পার্লামেন্টের ভোটে বিপুল ব্যবধানে জয়ী হন ৬৯ বছর বয়সী এই সেনাপ্রধান। ফলে রাষ্ট্রীয় ক্ষমতার ওপর তার নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হলো। প্রেসিডেন্ট পদের জন্য মনোনীত তিন প্রার্থীর মধ্যে তিনি একজন ছিলেন। বাকি দুজনকে উপ-রাষ্ট্রপতি করা হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালে শান্তিতে নোবেলজয়ী অং সান সু চি-কে ক্ষমতাচ্যুত ও গ্রেফতার করে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন মিন অং হ্লাইং। সেই ঘটনার পর দেশজুড়ে সহিংসতা, বিক্ষোভ ও গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, যা এখনো অব্যাহত রয়েছে। সূত্র: আল জাজিরা
বিভি/এমআর



মন্তব্য করুন: