এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানকে নোবেল দেওয়ার দাবি!
মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাকিস্তান। এই যুক্তিতে এবার পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে নোবেল শান্তি পুরস্কারের জন্য বিবেচনার আহ্বান জানানো হয়েছে।
ফেডারেশন অব পাকিস্তান চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসহ দেশটির কিছু প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী ও গণমাধ্যমের একাংশ এই দাবি তুলেছে। তাদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনে পাকিস্তান নেপথ্যে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা রাখছে। পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টা না থাকলে বড় ধরনের সংঘাত তৈরি হতে পারত।
ব্যবসায়ী সংগঠনগুলোর দাবি, আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তান সেনাবাহিনী আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন এবং স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করছে। পাশাপাশি, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা তৈরিতেও পাকিস্তানের সরকার ও গোয়েন্দা সংস্থার ভূমিকা ছিল বলে তারা উল্লেখ করছে।
এই দাবির পক্ষে দেশটির কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচার চালানো হচ্ছে। তাদের যুক্তি, অতীতে বিভিন্ন দেশের নেতারা শান্তি প্রতিষ্ঠার জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, সেই বিবেচনায় পাকিস্তানের এই দুই নেতাকেও মূল্যায়ন করা উচিত।
তবে এ দাবিকে ঘিরে দেশ-বিদেশে সমালোচনা ও বিদ্রূপও শুরু হয়েছে। সমালোচকদের মতে, যখন পাকিস্তান নিজেই অভ্যন্তরীণ নিরাপত্তা সংকট, সন্ত্রাসবাদ এবং উচ্চ মূল্যস্ফীতির মতো সমস্যায় জর্জরিত, তখন এমন দাবি বাস্তবসম্মত নয়।
বিভি/এসজি



মন্তব্য করুন: