লাইভ চলাকালে গুলিতে নিহত টিকটক ইনফ্লুয়েন্সার
মেক্সিকোর জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সিজার গাস্তেলুম টিকটকে লাইভ সম্প্রচারের সময় সশস্ত্র হামলায় নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় উত্তরাঞ্চলীয় শহর কুলিয়াকানের ত্রেস রিওস এলাকায় একটি ফাস্টফুড রেস্তোরাঁর বাইরে দুই বন্ধুকে নিয়ে টিকটকে লাইভ করছিলেন গাস্তেলুম। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি তার কাছে এসে খুব কাছ থেকে গুলি চালায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।
গাস্তেলুমের টিকটকে পাঁচ লাখের বেশি অনুসারী ছিল। তিনি মূলত হাস্যরসাত্মক ভিডিও তৈরি করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। মেক্সিকোয় লাইভ সম্প্রচারের সময় কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নিহত হওয়ার ঘটনা এটিই প্রথম নয়। গত বছর ২৩ বছর বয়সী টিকটকার ভ্যালেরিয়া মার্কেজ একটি বিউটি সেলুনে লাইভ করার সময় বন্দুকধারীর গুলিতে নিহত হন।
লাইভ ভিডিওতে দেখা যায়, গাস্তেলুম ও তার দুই বন্ধু উজ্জ্বল কমলা রঙের জ্যাকেট এবং ডেলিভারি কর্মীদের ব্যবহৃত ব্যাগ পরেছিলেন। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, তাদের পোশাক দেখে প্রথমে পুলিশ ধারণা করেছিল নিহত ব্যক্তি একজন ডেলিভারি কর্মী। পরে তার প্রকৃত পরিচয় নিশ্চিত হয়।
ঘটনার পর পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞরা পুরো এলাকা ঘিরে ফেলেন। তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া গুলির খোসা এবং আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। হামলার পর মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
গাস্তেলুম এর আগে কোনো ধরনের হুমকি পেয়েছিলেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ইনস্টাগ্রামে তিনি নিয়মিত ভ্রমণ, বন্ধুদের সঙ্গে সময় কাটানো এবং বিলাসবহুল গাড়ির সামনে তোলা ছবি শেয়ার করতেন। তার একটি পোস্টে তাকে নিহত ইনফ্লুয়েন্সার লেওবার্দো আইসপুরো— যিনি ‘এল গোরদো পেরুচি’ নামে পরিচিত ছিলেন—এর কবরের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
২০২৪ সালের ডিসেম্বরে লেওবার্দো আইসপুরো গুলিতে নিহত হন। সে সময় পুলিশ জানিয়েছিল, সিনালোয়া কার্টেলের দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর দ্বন্দ্বের সঙ্গে ওই হত্যাকাণ্ডের যোগসূত্র থাকতে পারে।
২০২৪ সালের সেপ্টেম্বর থেকে সিনালোয়া কার্টেলের দুই প্রতিদ্বন্দ্বী অংশ—‘লস চাপিতোস’ ও ‘লা মাইইসা’—এর মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করার পর থেকেই কুলিয়াকানের রাজধানী সিনালোয়া অঙ্গরাজ্যে সহিংসতা ব্যাপকভাবে বেড়ে গেছে।
সূত্র: বিবিসি
বিভি/পিএইচ













মন্তব্য করুন: