• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

চীনা নাগরিকদের বিদেশযাত্রায় নতুন বিধিনিষেধ

প্রকাশিত: ১২:৪১, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
চীনা নাগরিকদের বিদেশযাত্রায় নতুন বিধিনিষেধ

চীনা নাগরিকদের দেশের বাইরে যাওয়া ও বিদেশ থেকে দেশে ফেরার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ কার্যকর করেছে বেইজিং। নতুন নিয়মে বিদেশে অবস্থানকালে চীনের জাতীয় নিরাপত্তা বা স্বার্থের ক্ষতি করেছেন বলে বিবেচিত হলে দেশে ফেরার পর সর্বোচ্চ তিন বছর পর্যন্ত তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া যেতে পারে। প্রযুক্তি আমদানি-রফতানি সংক্রান্ত বিধি লঙ্ঘন করলেও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন নাগরিকেরা।

পর্যবেক্ষকদের মতে, নতুন এই বিধিনিষেধ চীনা নাগরিকদের ওপর সরকারের নিয়ন্ত্রণ আরও বাড়াতে পারে। তবে চীনা কর্তৃপক্ষের দাবি, জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার জন্যই এসব নিয়ম করা হয়েছে। সাধারণ নাগরিকদের বিদেশ ভ্রমণে এতে কোনো বাধা তৈরি হবে না বলেও জানিয়েছে তারা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী, এমন প্রযুক্তি আমদানি-রফতানি বিধি লঙ্ঘন করলে চীনা নাগরিকদের দেশত্যাগে বাধা দেওয়া যেতে পারে, যা ‘জাতীয় শিল্প বা প্রযুক্তিগত নিরাপত্তার জন্য হুমকি’ তৈরি করতে পারে।

চীনা সরকারের ‘গুজব খণ্ডনকারী’ প্ল্যাটফর্ম পিয়াও গত সপ্তাহে এক বিবৃতিতে জানিয়েছে, নতুন নিয়ম সাধারণ নাগরিকদের ভ্রমণ সীমিত করার জন্য নয়। বরং ঝুঁকিপূর্ণ গন্তব্য ও অস্বাভাবিক ভ্রমণ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এসব বিধান করা হয়েছে।

সরকারের ওই বিবৃতিতে বলা হয়, নাগরিকদের প্রতারণার মাধ্যমে বিদেশে নিয়ে যাওয়া, অবৈধ জুয়া ও প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার মতো সমস্যা মোকাবিলায় এসব বিধিনিষেধ প্রয়োজন। তবে সমালোচকদের আশঙ্কা, নতুন নিয়মের মাধ্যমে বিদেশে থাকা চীনা নাগরিকদের কর্মকাণ্ডের ওপর বেইজিংয়ের চাপ প্রয়োগের সুযোগ আরও বাড়বে।

জর্জটাউন ইউনিভার্সিটির সেন্টার ফর এশিয়ান ল-এর নির্বাহী পরিচালক অধ্যাপক টম কেলগ বিবিসি চাইনিজকে বলেন, বিদেশে চীনা নাগরিকেরা কী করেন ও কী বলেন, তা নিয়ন্ত্রণের জন্য এটি সরকারের আরেকটি হাতিয়ার। তার দাবি, কিছু ক্ষেত্রে চীনা সরকারের সমালোচনা কিংবা মানবাধিকার নিয়ে কাজ করা ঠেকাতে নিরাপত্তা কর্তৃপক্ষ সরাসরি পাসপোর্ট দিতে অস্বীকৃতি জানায়।

কয়েকজন চীনা নাগরিক জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরেই অস্পষ্ট বিভিন্ন ভ্রমণ নিষেধাজ্ঞার মুখোমুখি হচ্ছেন। ‘পিপি’ ছদ্মনামে পরিচয় প্রকাশে অনিচ্ছুক ২৬ বছর বয়সী এক চীনা নাগরিক বিবিসি চাইনিজকে জানান, ২০২৩ সালে তার পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যান করা হয়। তার ধারণা, ২০১৯ সালে হংকংয়ে গণতন্ত্রপন্থী বড় বিক্ষোভে অংশ নেওয়ার কারণেই এমনটি করা হয়েছে।

পিপির দাবি, ওই বিক্ষোভ চলাকালে তিনি হংকংয়ের বিভিন্ন সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন। পরে চীনের মূল ভূখণ্ডে ফেরার পর রাষ্ট্রীয় নিরাপত্তা পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়েন। এক অভিবাসন কর্মকর্তা তাকে মৌখিকভাবে বলেছিলেন, ‘হংকংয়ের বিষয়টির’ কারণে তিনি পাসপোর্ট পাবেন না। তবে এ বিষয়ে তাকে কোনো লিখিত কারণ দেওয়া হয়নি।

পিপি বলেন, ‘তারা যদি আমাকে একটি সরকারি নথি দিতেন, তাহলে আমি প্রশাসনিক পুনর্বিবেচনার আবেদন করতে পারতাম। কিন্তু তারা শুধু একটি কথাই বলেছেন—“আপনি যেতে পারবেন না।” বিষয়টি নিয়ে আর এগোতে সাহস করেননি বলেও জানান তিনি। তার আশঙ্কা ছিল, এতে শেষ পর্যন্ত তাঁকে কারাগারে যেতে হতে পারে।

বর্তমানে চীনা নাগরিকেরা নিজেরাই অনলাইনে বা অন্য কোনো পদ্ধতিতে তাদের ওপর দেশত্যাগের নিষেধাজ্ঞা রয়েছে কি না, তা যাচাই করতে পারেন না। সাধারণত সরকারি লিখিত বা মৌখিক নির্দেশ না পাওয়া পর্যন্ত কেউ বুঝতে পারেন না যে তিনি নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন। পাসপোর্টের আবেদন করার সময় অথবা দেশ ছাড়ার চেষ্টা করলেই বিষয়টি প্রকাশ পায়।

চীনের প্রশাসনিক লাইসেন্স আইন অনুযায়ী, কোনো প্রশাসনিক কর্তৃপক্ষ লাইসেন্স দিতে অস্বীকৃতি জানালে তার কারণ লিখিতভাবে জানানোর কথা। তবে বিবিসির সঙ্গে কথা বলা কয়েকজনের দাবি, বাস্তবে এই নিয়ম সব ক্ষেত্রে মানা হয় না। এ বিষয়ে বিবিসি চাইনিজের প্রশ্নের জবাব দেয়নি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও অভিবাসন কর্তৃপক্ষ।

মানবাধিকার সংগঠন সেফগার্ড ডিফেন্ডার্সের দেওয়া তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে চীনা নাগরিকদের ওপর দেশত্যাগের নিষেধাজ্ঞা ব্যাপকভাবে বেড়েছে। চীনের সুপ্রিম কোর্টের ডেটাবেজে ২০১৬ সালে দেশত্যাগ নিষেধাজ্ঞা-সংক্রান্ত মাত্র ৮৯টি রেকর্ড ছিল। গত বছর সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ লাখ ৮৮ হাজার ৭৬০টিতে।

২০১৯ থেকে ২০২৫ সালের মধ্যে দেওয়ানি মামলার রায়ের মধ্যে দেশত্যাগে নিষেধাজ্ঞা-সংক্রান্ত রায়ের হারও ৩০ গুণের বেশি বেড়েছে। ২০১৯ সালে যেখানে এ ধরনের রায়ের হার ছিল প্রায় ০ দশমিক ২৩ শতাংশ, ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ৭ দশমিক ৩ শতাংশে। তবে প্রকাশ না করা রায়ের সংখ্যা বাড়তে থাকায় প্রকৃত সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে।

নতুন নিয়ম অনুযায়ী, সীমান্ত কর্মকর্তাদের এখন ‘উচ্চঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত দেশ ও অঞ্চলে ভ্রমণের বিষয়ে চীনা নাগরিকদের সতর্ক করতেও বলা হয়েছে। তবে এর আগেও চীনে সরকারি কর্মকর্তা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মীসহ সাধারণ কিছু নাগরিকের নির্দিষ্ট কয়েকটি দেশে ভ্রমণের ক্ষেত্রে বিধিনিষেধ ছিল।

বেইজিংয়ের একটি রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত ‘শিয়াও ওয়াং’ ছদ্মনামের ৩২ বছর বয়সী এক ব্যক্তি বিবিসি চাইনিজকে জানান, তার সহকর্মীদের দীর্ঘদিন ধরেই পাসপোর্ট জমা রাখতে হয় এবং বিদেশ ভ্রমণের আগে কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। তাঁর দাবি, ব্যবস্থাপকেরা মৌখিকভাবে কর্মীদের জানিয়ে দিয়েছেন, ‘জাপানের মতো সংবেদনশীল দেশগুলোতে যাওয়া একেবারেই নিষিদ্ধ।’

তার কয়েকজন সরকারি কর্মকর্তা বন্ধুও বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সমস্যার মুখে পড়েন। এমনকি জাদুঘরে কর্মরত সরকারি কর্মকর্তাদেরও চাকরির কারণে সরাসরি পাসপোর্টের আবেদন করতে দেওয়া হয় না বলে জানান তিনি। আইন বিশেষজ্ঞ টম কেলগ চীনের ক্রমবর্ধমান ভ্রমণ বিধিনিষেধকে ‘গভীরভাবে উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন। তাঁর মতে, এসব পদক্ষেপ চীনা নেতা শি জিনপিংয়ের অধীনে বাড়তে থাকা আদর্শিক নিয়ন্ত্রণের প্রতিফলন, যা মাও সে তুংয়ের সময়ের কথা মনে করিয়ে দেয়।

মাওয়ের দীর্ঘ শাসনামলে চীন অনেকটাই বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন ছিল। পরে সংস্কার ও উন্মুক্তকরণ নীতির ধারাবাহিকতায় ১৯৯০-এর দশকে আন্তর্জাতিক ভ্রমণ চীনা নাগরিকদের জীবনের অংশ হয়ে ওঠে। কেলগের মতে, বর্তমানের বিভিন্ন ভ্রমণ বিধিনিষেধ সেই ‘বেদনাদায়ক সময়ের’ স্মৃতি আবারও সামনে নিয়ে আসছে।

সূত্র: বিবিসি

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত