• NEWS PORTAL

  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ডিসেম্বর পর্যন্ত পৃথিবীর সঙ্গী ‘ক্ষুদ্র চাঁদ’, কোনো ঝুঁকি আছে কি?

প্রকাশিত: ১০:০৯, ২৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ডিসেম্বর পর্যন্ত পৃথিবীর সঙ্গী ‘ক্ষুদ্র চাঁদ’, কোনো ঝুঁকি আছে কি?

সাময়িকভাবে পৃথিবীর সঙ্গী হিসেবে ধরা পড়েছে একটি ক্ষুদ্র গ্রহাণু। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় একে বলা হচ্ছে ‘মিনি-মুন’ বা ক্ষুদ্র চাঁদ।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে জানানো হয়েছে,‘২০২৬ কিউকিউ৮’ (2026 QQ8) নামের এই ক্ষুদ্র মহাকাশশিলা আগামী ডিসেম্বর পর্যন্ত পৃথিবীর কাছাকাছি অবস্থান করবে। এরপর এটি পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণ কাটিয়ে সূর্যকে কেন্দ্র করে নিজস্ব কক্ষপথে ফিরে যাবে।

ক্ষুদ্র চাঁদটি আসলে কী?

‘২০২৬ কিউকিউ৮’ কোনো আসল চাঁদ নয়, বরং একটি ছোট গ্রহাণু। এর ব্যাস প্রায় ২ মিটার (প্রায় ৬ ফুট)—যা একজন পূর্ণবয়স্ক মানুষের উচ্চতার কাছাকাছি। আকারে এতই ছোট ও অনুজ্জ্বল যে খালি চোখে কিংবা সাধারণ দূরবিনে এটি দেখা সম্ভব নয়।

গত এপ্রিল মাসে এটি পৃথিবীর মহাকর্ষীয় টানে ধরা পড়ে। আগস্ট মাসে হাঙ্গেরির কনকোলি অবজারভেটরির জ্যোতির্বিজ্ঞানী ক্রিস্টিয়ান সারনেস্কি প্রথম এটি শনাক্ত করেন এবং অস্থায়ী নাম দেন ‘সার২৯০১’। শুরুতে এটিকে কোনো পুরোনো স্যাটেলাইট বা মহাকাশের আবর্জনা বলে ধারণা করা হয়েছিল। পরে অ্যারিজোনা ও হাওয়াইয়ের টেলিস্কোপ দিয়ে পর্যবেক্ষণ এবং কক্ষপথের হিসাব-নিকাশের পর নিশ্চিত হওয়া যায় যে এটি একটি প্রাকৃতিক গ্রহাণু এবং সাময়িকভাবে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। অক্টোবরের শেষ দিকে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের (আইএইউ) মাইনর প্ল্যানেট সেন্টার এর আনুষ্ঠানিক নাম দেয় ‘২০২৬ কিউকিউ৮’।

কীভাবে তৈরি হয় ‘মিনি-মুন’?

কোনো গ্রহাণু যখন পৃথিবীর কাছাকাছি গতির সমান গতিতে পৃথিবীর পাশ দিয়ে যায়, তখন পৃথিবী ও চাঁদের সম্মিলিত মহাকর্ষীয় টানে সেটি কিছু সময়ের জন্য পৃথিবীর কক্ষপথে আটকে পড়তে পারে। তবে এ ধরনের সফর চিরস্থায়ী নয়। কয়েক সপ্তাহ বা কয়েক মাস ঘুরে বেড়ানোর পর এটি আবার পৃথিবীর মহাকর্ষীয় প্রভাববলয় ছেড়ে সূর্যের চারপাশে নিজস্ব পথে ফিরে যায়। 

কোনো ঝুঁকি কি আছে?

বিজ্ঞানীরা জানিয়েছেন, ‘২০২৬ কিউকিউ৮’ থেকে পৃথিবীর কোনো ক্ষতির আশঙ্কা নেই। মাইনর প্ল্যানেট সেন্টারের পরিচালক ম্যাথিউ পেইন সিএনএনকে বলেন, বস্তুটি এতই ছোট যে কোনোভাবে পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়লেও মাটিতে পৌঁছানোর আগেই বায়ুমণ্ডলের ঘর্ষণে নিরীহভাবে পুড়ে বা ভেঙে যাবে। সে ক্ষেত্রে আকাশে হয়তো সামান্য উজ্জ্বল উল্কার ঝলক দেখা যেতে পারে।

ম্যাথিউ পেইনের মতে, পৃথিবীর চারপাশে এমন ক্ষুদ্র ও সাময়িক সঙ্গী থাকা খুব বিরল নয়। গড়ে যেকোনো সময়ই মহাকাশে এমন অন্তত একটি ক্ষুদ্র বস্তু পৃথিবীর আশপাশে থাকতে পারে, যদিও আকার ছোট হওয়ায় বেশির ভাগই ধরা পড়ে না। তবে চিলির ভেরা সি রুবিন অবজারভেটরির মতো শক্তিশালী পর্যবেক্ষণ কেন্দ্রের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হলে ভবিষ্যতে এমন আরও অনেক ক্ষুদ্র গ্রহাণু ও মহাকাশবস্তু সহজেই শনাক্ত করা সম্ভব হবে বলে আশা করছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

জ্যোতির্বিজ্ঞানীরা এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার পৃথিবীর কাছাকাছি থাকা বস্তু শনাক্ত করেছেন। সৌরজগতে সব মিলিয়ে পরিচিত বস্তুর সংখ্যা প্রায় ১৫ লাখ। তবে চিলির ভেরা সি রুবিন অবজারভেটরির ১০ বছর মেয়াদি জরিপ পূর্ণাঙ্গভাবে চালু হলে এ সংখ্যা বেড়ে ৫০ লাখে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে।

সূত্র: সিএনএন

বিভি/এমএফআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত