• NEWS PORTAL

  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশি সাংবাদিকদের জন্য ফ্রি প্রশিক্ষণের আয়োজন ভারতের 

প্রকাশিত: ০০:১০, ২৩ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ০০:১১, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বাংলাদেশি সাংবাদিকদের জন্য ফ্রি প্রশিক্ষণের আয়োজন ভারতের 

বাংলাদেশের সাংবাদিকদের জন্য সাংবাদিকতা ও জনসংযোগ বিষয়ে একটি বিশেষ সক্ষমতা-বৃদ্ধিমূলক কোর্সের আয়োজন করেছে ভারত সরকার। আগামী ২৫ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভারতের হায়দ্রাবাদে অবস্থিত ড. মারি চান্না রেড্ডি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ভারতীয় হাইকমিশন (ঢাকা) তাদের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে জানায়, আইটেক স্কিমের আওতায় বাংলাদেশের সাংবাদিকদের জন্য ‘সাংবাদিকতা ও জনসংযোগ (জার্নালিজম অ্যান্ড পাবলিক রিলেশনস)’ বিষয়ে এ সক্ষমতা-বৃদ্ধিমূলক কোর্সের আয়োজন করা হয়েছে।

হাইকমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, কোর্সটি বিশেষভাবে অর্থনীতি, অর্থসংস্থান, বাণিজ্য ও জ্বালানি খাতের সংবাদ সংগ্রহের সঙ্গে যুক্ত সাংবাদিকদের জন্য প্রণয়ন করা হয়েছে। প্রশিক্ষণে গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক, কৌশলগত যোগাযোগ এবং গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকার মতো বিষয়গুলোর পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে ব্যবহারিক দক্ষতার ওপর গুরুত্ব দেওয়া হবে।

সাত দিনের এ কর্মসূচির অংশ হিসেবে প্রশিক্ষণার্থীদের হায়দ্রাবাদের হাইটেক সিটি পরিদর্শনের সুযোগ থাকবে। পাশাপাশি স্টার্ট-আপ ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় এবং স্থানীয় দর্শনীয় স্থান ভ্রমণের কর্মসূচিও থাকবে।

কোর্সটি সফলভাবে সম্পন্ন করা অংশগ্রহণকারীদের সনদপত্র দেওয়া হবে।

ভারতীয় হাইকমিশন জানিয়েছে, এ প্রশিক্ষণে নির্বাচিত সাংবাদিকদের যাওয়া-আসার বিমান ভাড়া, কোর্স ফি, আবাসন এবং জীবনযাপন ভাতাসহ যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করবে।

উল্লেখিত অর্থনীতি, অর্থসংস্থান, বাণিজ্য ও জ্বালানি খাতে ৫ থেকে ১০ বছরের পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন আগ্রহী সাংবাদিকরা নির্ধারিত লিংকের মাধ্যমে এ কোর্সে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন। তবে নির্বাচিত হওয়ার পর অংশগ্রহণকারীদের নিজ নিজ প্রতিষ্ঠান থেকে অনাপত্তি সনদ (এনওসি) জমা দিতে হবে।

আবেদন করতে এখানে ক্লিক করুন

বিভি/টিটি

মন্তব্য করুন: