আইসিসির সদস্য দেশগুলোকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান আখ্যা দিয়ে এর সদস্য দেশগুলোকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র তার সামরিক বাহিনীর সদস্যসহ কাউকেই এমন একটি প্রতিষ্ঠানের তদন্ত বা বিচারের মুখোমুখি হতে দেবে না, যার ওপর যুক্তরাষ্ট্রের কোনো এখতিয়ার নেই। তিনি আইসিসিকে যুক্তরাষ্ট্রবিরোধী প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে এর সদস্য দেশগুলোকে অবিলম্বে আদালতটি থেকে সরে যাওয়ার আহ্বান জানান।
জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলোরও সমালোচনা করেন ট্রাম্প। তিনি অভিযোগ করেন, এসব সংস্থা বিশ্বের বিভিন্ন স্থানে সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দিকে যথেষ্ট মনোযোগ না দিয়ে ট্রান্সজেন্ডার ব্যক্তি ও অভিবাসননীতি নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনা করছে।
ট্রাম্প আরও দাবি করেন, বিশ্বজুড়ে খ্রিস্টানদের ওপর নিপীড়নের ঘটনা ঘটলেও জাতিসংঘের মানবাধিকার পরিষদ এ বিষয়ে নীরব রয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ৩৭ মিনিটের ভাষণে আইসিসি ছাড়াও ইরান, ইউক্রেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও জাতিসংঘের সংস্কারসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট।
বিভি/টিটি













মন্তব্য করুন: