ট্রাম্পের বক্তব্যের প্রতিবাদে বেরিয়ে গেলেন কিউবার প্রতিনিধিরা
বর্তমান কিউবার পতন ঘটবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে ট্রাম্প দাবি করেন, কিউবার বর্তমান সরকার বড় ধরনের চাপের মধ্যে রয়েছে।
ট্রাম্প বলেন, “আমার প্রশাসন কিউবার পরিস্থিতির আমূল পরিবর্তন চাইছে; সেখানে কমিউনিস্ট শাসনব্যবস্থা বর্তমানে তীব্র চাপের মুখে রয়েছে—এমন চাপের মুখে যা আগে কখনও দেখা যায়নি। দেশটি এখন পুরোপুরি একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। এর পতন এখন সময়ের ব্যাপার মাত্র। আমরা এমন কোনো পরিস্থিতি হতে দেব না যেখানে বিদেশি প্রতিপক্ষরা আমাদের দোরগোড়ায় দাঁড়িয়ে হুমকি দিতে পারে। কিউবার শাসকগোষ্ঠী দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে বামপন্থী উগ্রবাদী ও কমিউনিস্ট নেটওয়ার্কগুলোর সাথে আঁতাত বজায় রেখে চলেছে। আমাদের পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, তারা ধ্বংসাত্মক ও উগ্রবাদী গোষ্ঠীগুলোর সাথে সম্পর্ক গড়ে তুলেছে। ”
ট্রাম্প যখন এমন বক্তব্য দিচ্ছিলেন তখন জাতিসংঘের অধিবেশন কক্ষে থাকা কিউবার প্রতিনিধিরা প্রতিবাদস্বরূপ সেখান থেকে বের হয়ে যান। কিউবায় দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র। এতে করে দেশটি তীব্র লোডশেডিং ও খাদ্যসহ অন্যান্য অভাবে পড়েছে। যুক্তরাষ্ট্রই কিউবার অর্থনীতি ধ্বংস করার ষড়যন্ত্র করছে বলে দাবি করছেন দেশটির নেতারা।
বিভি/এমএফআর













মন্তব্য করুন: