আফগানিস্তানের ১০ স্থানে হামলার দাবি পাকিস্তানের!
ছবি: আল জাজিরা
আফগানিস্তান থেকে পাকিস্তানের আকাশসীমায় ড্রোন প্রবেশের পর দেশটির ১০টি স্থানে বিমান ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে পাকিস্তান। বৃহস্পতিবার ভোরে দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ তথ্য জানান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তারার বলেন, আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে আফগানিস্তানে ড্রোন উৎক্ষেপণ ও সংরক্ষণে ব্যবহৃত ১০টি স্থানে হামলা চালিয়েছে পাকিস্তান। তার দাবি, হামলাগুলো ছিল পরিকল্পিত, নির্ভুল ও সীমিত। পাকিস্তানে চালানো হামলার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করেই এসব অভিযান চালানো হয়েছে।
এর আগে বুধবার আফগানিস্তান থেকে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করা আটটি ড্রোন ভূপাতিত করার কথা জানায় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। নিরাপত্তা সূত্রের বরাতে বলা হয়, চারটি ড্রোন তোরখাম সীমান্তসংলগ্ন এলাকায় এবং বাকি চারটি কোহাটের সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলে ধ্বংস করা হয়।
পাকিস্তানের তথ্যমন্ত্রী অভিযোগ করেন, আফগানিস্তানের মাটিতে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠী ও তাদের সহযোগী নেটওয়ার্ক নিয়ে দীর্ঘদিন ধরে আফগান তালেবান সরকারের কাছে উদ্বেগ জানিয়ে আসছে ইসলামাবাদ। তার দাবি, এসব নেটওয়ার্কের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ড্রোন অভিযান চালানো হয়েছে।
তারার হুঁশিয়ারি দিয়ে বলেন, আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হলে তাৎক্ষণিক ও সিদ্ধান্তমূলক জবাব দেওয়া হবে। তবে পাকিস্তান উত্তেজনা বাড়াতে চায় না এবং আঞ্চলিক শান্তি ও সংলাপের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন
বিভি/এমআর













মন্তব্য করুন: