আম্বানিকে পেছনে ফেলে শীর্ষে আদানি, ভারতীয় ধনীদের তালিকায় বহু নতুন মুখ!
ছবি: আনন্দবাজার পত্রিকা
ভারতের শীর্ষ ধনীদের তালিকায় ফের মুকেশ আম্বানিকে পেছনে ফেলেছেন গৌতম আদানি। সম্পদের হিসাবে আম্বানিকে ছাড়িয়ে শীর্ষস্থান দখল করেছেন গুজরাতের এই শিল্পপতি। ২৩ সেপ্টেম্বর প্রকাশিত ব্রিটিশ গবেষণা সংস্থা হুরুন রিসার্চ ইনস্টিটিউটের ‘এম৩এম হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬’-এ উঠে এসেছে এই তথ্য।
হুরুনের তালিকা অনুযায়ী, আদানি ও তার পরিবারের সম্পদের পরিমাণ এক বছরে ১৩ শতাংশ বেড়ে প্রায় ৯ লাখ ২৩ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। অন্যদিকে রিলায়্যান্স গোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ আম্বানির সম্পদ ১০ শতাংশ কমে হয়েছে ৮ লাখ ৬৩ হাজার কোটি টাকা। অর্থাৎ সম্পদের হিসাবে আম্বানির চেয়ে প্রায় ৫৯ হাজার ৪০০ কোটি টাকা এগিয়ে রয়েছেন আদানি।
এ নিয়ে তৃতীয়বার ভারতের ধনীদের তালিকায় শীর্ষস্থান দখল করলেন আদানি। ২০২২ সালে প্রথমবার অম্বানীকে পেছনে ফেলেছিলেন তিনি। তবে ২০২৩ সালে মার্কিন শর্ট সেলার হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদনের পর আদানি গোষ্ঠী বড় ধরনের ধাক্কার মুখে পড়ে। ২০২৪ সালে ফের হুরুনের তালিকায় শীর্ষে ফেরেন তিনি।
২০২৪ সালের নভেম্বরে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ঘুষের অভিযোগ ওঠে। এ ঘটনায় গৌতম আদানির পাশাপাশি তার ভাইয়ের ছেলে সাগর আদানিসহ কয়েকজনের নাম আসে। চলতি বছর মামলাটি প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র। এ ছাড়া কেনিয়ার নাইরোবির জোমো কেনিয়াট্টা আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিকীকরণ ও সম্প্রসারণের চুক্তিও বাতিল হয়েছিল। তবে এসব ঘটনার পরও আদানির সম্পদ বৃদ্ধির ধারা থামেনি।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের সাবেক শিক্ষার্থী ও আর্সেলর মিত্তলের প্রতিষ্ঠাতা লক্ষ্মীনিবাস মিত্তল। তার ও পরিবারের সম্পদ ৯৩ শতাংশ বেড়ে ৩ লাখ ৩৯ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। আগের তালিকার তুলনায় তিনি আট ধাপ এগিয়েছেন।
নবম ও দশম স্থানে রয়েছেন বেদান্ত রিসোর্সেসের প্রতিষ্ঠাতা অনিল অগ্রবাল এবং টরেন্ট ফার্মাসিউটিক্যালসের সমীর মেহতা। তাদের সম্পদ যথাক্রমে ২ লাখ ৮ হাজার কোটি ও ১ লাখ ৮৯ হাজার কোটি টাকা।
এবারের তালিকায় ১ হাজার কোটি টাকার বেশি সম্পদের মালিক ১ হাজার ৮১০ জন ভারতীয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের সম্পদ গত বছরের তুলনায় গড়ে ১২ দশমিক ৮ শতাংশ বেড়েছে। ভারতে হাজার কোটিপতির সংখ্যা এখন ৩৯১, যার মধ্যে ৭৬ জন নতুন।
শহর হিসেবে সবচেয়ে বেশি হাজার কোটিপতি রয়েছেন মুম্বাইয়ে- ৪৬৫ জন। এরপর নয়াদিল্লিতে ২৩৬ এবং বেঙ্গালুরুতে ১২৯ জন।
এবারের তালিকায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতও আলাদা করে নজর কেড়েছে। এআই-ভিত্তিক প্রতিষ্ঠানের ১৯ মালিকের সম্মিলিত সম্পদ ৩ লাখ ৭ হাজার কোটি টাকা। তাদের মধ্যে ১৫ জন নতুন। ২৮ বছর বয়সী তনয় কোঠারি ও সহজ গর্গ ‘উইসপ্র ফ্লো’ প্রতিষ্ঠানের মাধ্যমে ৪ হাজার ২০০ কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন।
অন্যদিকে শিল্পজাত পণ্য খাতে নতুন মুখ ৪৪ জন। রাসায়নিক খাতে ১৪২ এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম খাতে ১৩৬ জন নতুন করে হাজার কোটির তালিকায় জায়গা পেয়েছেন।
হুরুন জানিয়েছে, তালিকায় স্ব-প্রতিষ্ঠিত ভারতীয় উদ্যোগপতির সংখ্যা ১ হাজার ২৬৬, যা মোট ধনকুবেরের ৭০ শতাংশ। নতুন মুখ ৩৪৭ জন। নারী ধনকুবেরের সংখ্যা ১০০ থেকে বেড়ে ১৩১ হয়েছে। এদের মধ্যে শীর্ষে রয়েছেন রোশনি নাদার মলহোত্রা; তার সম্পদের পরিমাণ ২ লাখ ৭৯ হাজার কোটি টাকা।
এ ছাড়া অনাবাসী ভারতীয় ধনকুবেরের সংখ্যা বেড়ে হয়েছে ১৫৬। তাদের মধ্যে ৯০ জন যুক্তরাষ্ট্রে এবং ৩১ জন সংযুক্ত আরব আমিরাতে বসবাস করেন। ২৪ আগস্ট পর্যন্ত তথ্যের ভিত্তিতে তালিকাটি তৈরি করা হয়েছে। পাঁচ বছর আগে হাজার কোটির ক্লাবে ছিলেন ২৩৭ জন; গত এক ও পাঁচ বছরে যথাক্রমে ১২৮ ও ৮০৩ জন নতুন করে এই তালিকায় যুক্ত হয়েছেন।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
বিভি/পিএইচ













মন্তব্য করুন: