• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মুসলিমদের দুই ঈদকে ছুটির তালিকায় যুক্ত করলো ক্যালিফোর্নিয়া

প্রকাশিত: ২০:১২, ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২০:১৫, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মুসলিমদের দুই ঈদকে ছুটির তালিকায় যুক্ত করলো ক্যালিফোর্নিয়া

ছবি: ক্যালিফোর্নিয়ার ঈদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এবার আইনি স্বীকৃতি পেল মুসলিমদের দুটি প্রধান ধর্মীয় উৎসব—ঈদুল ফিতর ও ঈদুল আজহা। অঙ্গরাজ্যটির গভর্নর গ্যাভিন নিউসম এ-সংক্রান্ত একটি আইনে স্বাক্ষর করার পর উৎসব দুটিকে ক্যালিফোর্নিয়ার রাষ্ট্রীয় ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন আইনের ফলে ক্যালিফোর্নিয়ার কর্মীরা ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালনের জন্য বিদ্যমান বেতনসহ ছুটির বিভিন্ন সুবিধা উপভোগ  করতে পারবেন। তবে এর অর্থ এই নয় যে, সব কর্মী দুই দিন অতিরিক্ত বেতনসহ ছুটি পাবেন।

আইন অনুযায়ী, অঙ্গরাজ্যের যোগ্য কর্মীরা ঈদুল ফিতর বা ঈদুল আজহা পালনের জন্য আট ঘণ্টা পর্যন্ত ছুটি নিতে পারবেন। এ ক্ষেত্রে ছুটি হিসেবে অবকাশ, বার্ষিক ছুটি, ক্ষতিপূরণমূলক ছুটি কিংবা ব্যক্তিগত ছুটির ক্রেডিট ব্যবহার করা যাবে। তবে এ সুবিধা আইনে নির্ধারিত শর্তের আওতাধীন থাকবে। এ ছাড়া স্থানীয়ভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রেখে সরকারি স্কুল ও কমিউনিটি কলেজগুলো ঈদ উপলক্ষে বন্ধ রাখার ব্যবস্থাও রাখা হয়েছে। 

আইনটির প্রণেতা অ্যাসেম্বলি সদস্য ম্যাট হ্যানি বলেন, যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ মুসলিম জনগোষ্ঠীর বাস ক্যালিফোর্নিয়ায়। তাই তাদের ধর্মীয় ঐতিহ্য ও উৎসবের স্বীকৃতি পাওয়া উচিত।

এদিকে আইনটিকে স্বাগত জানিয়েছে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের ক্যালিফোর্নিয়া শাখা। সংগঠনটির দাবি, অঙ্গরাজ্যটিতে ১০ লাখের বেশি মুসলিম বাস করেন। তাদের মতে, নতুন আইন মুসলিম শিক্ষার্থী ও কর্মীদের ধর্মীয় উৎসব পালন সহজ করবে। সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

বিভি/এমআর

মন্তব্য করুন: