• NEWS PORTAL

  • সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

শিশু শ্রমিক থেকে ব্রাজিলের অপ্রতিরোধ্য নেতা—কে এই লুলা?

প্রকাশিত: ১৫:২৭, ২৬ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
শিশু শ্রমিক থেকে ব্রাজিলের অপ্রতিরোধ্য নেতা—কে এই লুলা?

ব্রাজিলের রুদ্ধশ্বাস প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রতিপক্ষ ফ্লাভিও বোলসোনারোকে হারিয়ে জয়ী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দ্য সিলভা। এ নিয়ে নজিরবিহীনভাবে ব্রাজিলের ইতিহাসে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি।

২৫ অক্টোবর অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ভোটে লুলা পেয়েছেন ৫১ শতাংশেরও বেশি ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বোলসোনারো পেয়েছেন ৪৮ শতাংশের কিছু বেশি ভোট। দেশটির অফিসিয়াল নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এই ফলাফল নিশ্চিত করা হয়েছে।

১৯৪৫ সালে ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলের পারনামবুকো রাজ্যের এক দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন লুলা। জন্মের পরপরই তার পরিবার সাও পাওলোতে চলে আসে। চরম দারিদ্র্যের কারণে চতুর্থ শ্রেণীর পর পড়াশোনা ছেড়ে দিতে হয় তাকে। এরপর জুতাপালিশ, ফল বিক্রি এবং চীনাবাদাম বিক্রির কাজ করে পরিবারকে সাহায্য করতে থাকেন তিনি। ১৪ বছর বয়সে তিনি একটি মেটাল ফ্যাক্টরিতে কাজ পান। তবে সে কারখানায় কাজ করতে গিয়ে দুর্ঘটনাবশত তার বাঁ হাতের কনিষ্ঠ আঙুল কেটে যায়। 

১৯৬০-এর দশকের শেষভাগে তিনি স্থানীয় মেটালওয়ার্কার্স ইউনিয়নে যোগ দেন। তৎকালীন ব্রাজিলের সামরিক একনায়কতন্ত্রের কঠোর নীতির বিরুদ্ধে লুলার নেতৃত্বে কয়েক হাজার শ্রমিকের ঐতিহাসিক ধর্মঘট সংঘটিত হয়। সামরিক সরকার তার এই আন্দোলনকে বেআইনি ঘোষণা করে এবং তাকে এক মাসেরও বেশি সময় কারারুদ্ধ রাখা হয়। এই কারাবরণই তাকে সাধারণ শ্রমিক নেতা থেকে জাতীয় পর্যায়ের রাজনৈতিক নেতায় পরিণত করে। টানা তিনবার পরাজয়ের পর ২০০২ সালের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে ব্রাজিলের ১ম বামপন্থী ও শ্রমিক শ্রেণীর প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন লুলা।

বিশ্বরাজনীতিতে এবং বিশেষ করে সাম্প্রতিক গাজা সংকটের প্রেক্ষাপটে তিনি ফিলিস্তিনের পক্ষে জোরালো বক্তব্য রেখেছেন। তিনি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকার সময় ২০১০ সালে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ব্রাজিল। এছাড়া জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি গাজার মানবিক বিপর্যয় নিয়ে বিশ্বনেতাদের তীব্র সমালোচনা করেন। একপর্যায়ে ব্রাজিল তেল আবিবে নিযুক্ত তাদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেয় এবং ইসরাইলের সাথে তাদের কূটনৈতিক যোগাযোগ সীমিত করে।

সূত্র: রয়টার্স, ব্রিটানিকা

বিভি/এমএফআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত