ইসরাইলে পার্লামেন্ট নির্বাচন শুরু, ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে নেতানিয়াহু
ভোট গ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে ইসরাইলের পার্লামেন্ট নির্বাচন। ক্ষমতায় টিকে থাকতে দেশটির দীর্ঘ দেড় যুগের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু লড়ছেন গাদি আইজেনকটের সাথে।
বাংলাদেশ সময় সকাল ১১টা থেকে ভোট কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়। রাত ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এবারের নির্বাচনে ১২০ আসনের পার্লামেন্ট-নেসেটে লড়ছে ৩৭টি দল ও জোট। সরকার গঠনের জন্য অন্তত ৬১ জন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন হবে। নির্বাচনে মোট ভোটার প্রায় ৭৩ লাখ। সারা দেশে ভোট হবে ১২ হাজার ১৮টি কেন্দ্রে।
শেষ মুহূর্তের জরিপে নেতানিয়াহুর লিকুদ পার্টির চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে সাবেক সামরিক প্রধান আইজেনকটের মধ্যপন্থি দল ইয়াশার। তিনটি জরিপের পূর্বাভাস অনুযায়ী, নেতানিয়াহুর জোট ৫০টি আসন পেতে পারে। অন্যদিকে বিরোধী জোটের আসনসংখ্যা হতে পারে ৫২ থেকে ৫৬টি। ফিলিস্তিনিদের নেতৃত্বাধীন দলগুলো সম্মিলিতভাবে ১৪ থেকে ১৬টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের সাথে শুরু হওয়া সংঘাত নিয়ে নিজ দেশের জনগণের সমালোচনার মুখে রয়েছেন নেতানিয়াহু। দুর্নীতির অভিযোগেও তার বিচার চলছে। এ ছাড়া গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানাও রয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে।
বিভি/এসজি













মন্তব্য করুন: