• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ‘৫১তম’ অঙ্গরাজ্য করতে চান ট্রাম্প!

প্রকাশিত: ২২:৪৪, ২৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ‘৫১তম’ অঙ্গরাজ্য করতে চান ট্রাম্প!

ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার সম্ভাবনার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশ দুটির মধ্যে তেল সহযোগিতা বাড়ার প্রসঙ্গ টেনে তিনি এ মন্তব্য করেন। এমনকি ভেনেজুয়েলায় প্রেসিডেন্টের পরিবর্তে একজন গভর্নর নির্বাচনের প্রস্তাবও দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের করপাস ক্রিস্টিতে মধ্যবর্তী নির্বাচনের প্রচার সমাবেশে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘ভেনেজুয়েলাকে ধন্যবাদ জানাতে চাই। দেশটির সঙ্গে আমাদের সম্পর্ক এখন খুব, খুব ভালো—দারুণ।’

দুই দেশের মধ্যে হওয়া চুক্তির আওতায় ভেনেজুয়েলা থেকে বিনা মূল্যে পাঠানো প্রথম ১০ লাখ ব্যারেল তেল যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বলেও জানান তিনি।

ট্রাম্প বলেন, ‘এই ঐতিহাসিক বিজয়ের ফলে বিশ্বের তেল সরবরাহের বিশাল একটি অংশের ওপর আমাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে।’ তিনি আরও বলেন, এসব তেল টেক্সাসে পরিশোধন করা হবে, যার মধ্যে করপাস ক্রিস্টিও রয়েছে।

ভেনেজুয়েলায় বিনিয়োগের ফলে ব্যাপক কর্মসংস্থান তৈরি হচ্ছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তার ভাষ্য, এক বছর আগেও দেশটিতে এমন বিনিয়োগ ও কর্মসংস্থানের কথা কল্পনা করা কঠিন ছিল।

ট্রাম্প বলেন, ‘আমরা নিজেদের জন্য প্রচুর তেল নিয়ে আসছি, অনেক তেল। দেশটি সমৃদ্ধশালী হয়ে উঠবে। আর কে জানে, হয়তো খুব শিগগিরই এটি একটি সমৃদ্ধশালী ৫১তম অঙ্গরাজ্যে পরিণত হবে। এমনটা সম্ভব।’

এরপর একই প্রস্তাব আবারও তুলে ধরেন তিনি। ভেনেজুয়েলায় প্রেসিডেন্টের পরিবর্তে গভর্নর নির্বাচনের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘চলুন, এটিকে ৫১তম অঙ্গরাজ্য বানাই। আর প্রেসিডেন্টের পরিবর্তে আমরা একজন গভর্নর নির্বাচনের জন্য ভোটের আয়োজন করব। কেমন হয়? আপনারা জানেন, দেশটিতে প্রচুর তেল রয়েছে।’

সূত্র: আনাদোলু এজেন্সি

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত