স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণহানি বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক
স্পেনের মধ্যাঞ্চলে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে অন্তত ৬৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৮০ জন। তাদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। ভয়াবহ এ দুর্ঘটনায় ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে স্পেন সরকার।
বুধবার (২৮ অক্টোবর) ভোরে রাজধানী মাদ্রিদের দক্ষিণে তোলেদো প্রদেশের উর্দা এলাকার কাছে উচ্চগতির রেলপথে এ দুর্ঘটনা ঘটে। মাদ্রিদ থেকে সেভিলগামী একটি দ্রুতগতির ট্রেন সামনে থেমে থাকা আরেকটি ট্রেনের পেছনে ধাক্কা দিলে দুটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা আহতদের হাসপাতালে নেওয়া, আটকে পড়া যাত্রীদের উদ্ধার এবং মরদেহ উদ্ধারে কাজ করছেন।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দুর্ঘটনাস্থল থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা দেন। তিনি বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করা হবে। কোনো অবহেলা বা ব্যবস্থাগত ত্রুটি পাওয়া গেলে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

দুর্ঘটনায় স্পেনের রাষ্ট্রীয় রেল সংস্থা রেনফের পরিচালিত মাদ্রিদ-সেভিলগামী একটি এভিই দ্রুতগতির ট্রেন এবং বেসরকারি রেল সংস্থা ইরিওর পরিচালিত আরেকটি ট্রেন জড়িত ছিল। রেনফের ট্রেনে ৩৯৭ জন এবং ইরিওর ট্রেনে ১৪৭ জন যাত্রী ছিলেন। আহতদের মধ্যে প্রায় ৫০ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন আঞ্চলিক সরকারপ্রধান এমিলিয়ানো গার্সিয়া-পেজে।
এদিকে, দুর্ঘটনার পর মাদ্রিদ থেকে আন্দালুসিয়া অঞ্চলের মধ্যে উচ্চগতির ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। রেলপথের সংকেত ও নিয়ন্ত্রণব্যবস্থায় ত্রুটির তথ্য সামনে আসায় দুর্ঘটনার কারণ নিয়ে প্রশ্ন উঠেছে। স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে জানিয়েছেন, নিয়ন্ত্রণব্যবস্থা অচল হওয়ার পরও একটি নিয়ন্ত্রণকেন্দ্রের সিদ্ধান্তে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছিল। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত দল কাজ করছে।
দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। তাঁরা নিহতদের পরিবার, আহত ব্যক্তি ও উদ্ধারকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সূত্র: আলজাজিরা
বিভি/পিএইচ













মন্তব্য করুন: