• NEWS PORTAL

  • শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

বেঙ্গালুরুর পাঁচ তারকা হোটেলের সুইমিংপুলে বিদ্যুৎস্পৃষ্টে ২ বিদেশির মৃত্যু!

প্রকাশিত: ১৯:২২, ৩১ অক্টোবর ২০২৬

আপডেট: ১৯:২৫, ৩১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
বেঙ্গালুরুর পাঁচ তারকা হোটেলের সুইমিংপুলে বিদ্যুৎস্পৃষ্টে ২ বিদেশির মৃত্যু!

ভারতের বেঙ্গালুরুর একটি পাঁচ তারকা হোটেলের সুইমিংপুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় শহরের কনরাড হোটেলের সুইমিংপুলে এ ঘটনা ঘটে।

নিহত দুজনের একজন জার্মানির নাগরিক আলেকজান্ডার ম্যাক্সিমিলিয়ান থেইস (৫৭)। তিনি লুফথানসা এয়ারলাইনসের ক্রু সদস্য ছিলেন। অপরজন স্লোভাকিয়ার নাগরিক জুরাজ হরভাট (৪৫), যিনি প্রযুক্তিপ্রতিষ্ঠান আইবিএমে প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

এ ঘটনায় আহত হয়েছেন হোটেলে অবস্থানরত ৪১ বছর বয়সী মার্কিন নাগরিক ম্যাথিউ ডেসান্টিস এবং হোটেলের সুইমিংপুলের কর্মী ২৮ বছর বয়সী রাহুল তিওয়ারি। তাদের উদ্ধার করে মণিপাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দুজনের অবস্থাই স্থিতিশীল এবং তারা আশঙ্কামুক্ত।

হাসপাতালের জরুরি বিভাগের প্রধান চিকিৎসক ডা. মেবেল এক বিবৃতিতে জানান, শুক্রবার বিকেল ৫টা ১০ মিনিটের দিকে চারজনকে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে জার্মান নাগরিককে মৃত অবস্থায় আনা হয়। আর স্লোভাকীয় নাগরিককে বাঁচাতে চিকিৎসকেরা চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, সুইমিংপুলে থাকা দুই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে মার্কিন নাগরিক বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা করেন এবং তাঁদের সাহায্যে পুলে ঝাঁপ দেন। পরে তিনি মাথাব্যথা ও মানসিকভাবে বিপর্যস্ত বোধ করেন। হোটেলকর্মী রাহুল তিওয়ারিও উদ্ধারের চেষ্টা করতে গিয়ে আহত হন। বর্তমানে দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল।

শুক্রবার সন্ধ্যায় হোটেলের তৃতীয় তলায় অবস্থিত সুইমিংপুলে সাঁতার কাটতে যান ওই দুই বিদেশি নাগরিক। অভিযোগ অনুযায়ী, পুল থেকে বের হওয়ার সময় তাঁরা বিদ্যুৎস্পৃষ্ট হন এবং পানিতে ডুবে যান।

এ ঘটনায় জার্মান নাগরিক আলেকজান্ডারের স্ত্রী সিলভিয়া অটাওয়া পুলিশের কাছে অভিযোগ করেছেন। অভিযোগে সুইমিংপুলের যথাযথ রক্ষণাবেক্ষণে হোটেল কর্তৃপক্ষের অবহেলার কারণে দুই অতিথির মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।

হোটেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে দুই অতিথির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। পাশাপাশি ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি জানিয়ে স্থানীয় কর্তৃপক্ষের তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে তারা।

এদিকে শনিবার সকালে হোটেলের ওয়েবসাইটে জানানো হয়, রক্ষণাবেক্ষণের জন্য ৩১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সুইমিংপুল বন্ধ থাকবে।

কনরাড হোটেলটি হিলটন গ্রুপের অধীন ২৪ তলাবিশিষ্ট একটি বিলাসবহুল পাঁচ তারকা হোটেল। সেখানে সাধারণ একটি কক্ষের প্রতি রাতের ভাড়া অন্তত ২৫ হাজার রুপি। এ ঘটনার পর হোটেলটির সুইমিংপুলের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে।

সূত্র: এনডিটিভি

বিভি/পিএইচ

মন্তব্য করুন: