• NEWS PORTAL

  • রবিবার, ০১ নভেম্বর ২০২৬

ফ্রান্সে আবারও লাখো মানুষের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

প্রকাশিত: ১০:৪৭, ১ নভেম্বর ২০২৬

আপডেট: ১০:৫৮, ১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ফ্রান্সে আবারও লাখো মানুষের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষাব্যবস্থার সংকটের প্রতিবাদে ফ্রান্সে আবারও লাখো মানুষের বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর) দেশটির বিভিন্ন শহরে অনুষ্ঠিত বিক্ষোভে প্যারিস ও লিয়নে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। কোথাও কোথাও বিক্ষোভকারীরা রাস্তায় আগুন জ্বালিয়ে দেন এবং পুলিশের দিকে বিভিন্ন বস্তু নিক্ষেপ করেন। এ ঘটনায় দেশজুড়ে অন্তত ২৯০ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ নিয়ে টানা তৃতীয় সপ্তাহান্তে ফ্রান্সে বিক্ষোভ অনুষ্ঠিত হলো। আন্দোলনে প্রধানত তরুণেরা অংশ নিচ্ছেন। জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, শিক্ষাপ্রতিষ্ঠানের অব্যবস্থাপনা, শিক্ষকসংকট এবং সরকারের প্রতি আস্থাহীনতা থেকে এ আন্দোলনের সূত্রপাত।

বিক্ষোভের আয়োজক তরুণ সংগঠন ও শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী শ্রমিক ইউনিয়নগুলোর জোটের দাবি, শনিবারের কর্মসূচিতে দেশজুড়ে প্রায় পাঁচ লাখ মানুষ অংশ নিয়েছেন, যার মধ্যে প্যারিসেই ছিলেন দুই লাখ। তবে দেশটির কর্তৃপক্ষের হিসাবে, বিক্ষোভকারীর সংখ্যা ছিল তিন লাখ ২০ হাজার। এর মধ্যে রাজধানীতে ছিলেন ৭০ হাজার মানুষ।

প্যারিসে শুরুতে শান্তিপূর্ণভাবে মিছিল এগোলেও শেষ পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মিছিলের নির্ধারিত সমাপ্তিস্থলের কাছে বিক্ষোভকারীরা জড়ো হলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় বিভিন্ন স্থানে ময়লার বিন ও রাস্তার আসবাবপত্রে আগুন দেওয়া হয়। পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিক্ষোভ ঘিরে দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ ও জেনদারমেরি সদস্য মোতায়েন করা হয়েছিল। এদিকে, গত ১৭ অক্টোবরের বিক্ষোভে পাঁচ লাখের বেশি মানুষ অংশ নিয়েছিলেন বলে সরকারি হিসাবে জানানো হয়। ওই বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়ে প্যারিসে লুটপাটের ঘটনাও ঘটেছিল।

ফ্রান্সের পাশাপাশি জার্মানি, স্পেন ও ইতালিতেও জীবনযাত্রার ব্যয়, শিক্ষায় ব্যয় সংকোচন এবং সরকারি নীতির বিরুদ্ধে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইউরোপজুড়ে তরুণদের ধারাবাহিক এই আন্দোলন নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সূত্র: আলজাজিরা

বিভি/পিএইচ

মন্তব্য করুন: