• NEWS PORTAL

  • সোমবার, ০২ নভেম্বর ২০২৬

ইউরোপের বিভিন্ন দেশে সুপারশপের ফ্রিজ আবারও হ্যাক!

প্রকাশিত: ১৯:৩৪, ২ নভেম্বর ২০২৬

আপডেট: ১৯:৪৬, ২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ইউরোপের বিভিন্ন দেশে সুপারশপের ফ্রিজ আবারও হ্যাক!

ইউরোপের ছয়টি দেশে আবারও সুপারশপসহ বিভিন্ন দোকানের ফ্রিজ ও ফ্রিজারে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে শীতলীকরণব্যবস্থার তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় নষ্ট হয়েছে বিপুল পরিমাণ খাদ্যপণ্য, যার আর্থিক মূল্য কয়েক মিলিয়ন ইউরো বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। বেলজিয়াম, লুক্সেমবার্গ, সুইডেন, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও এস্তোনিয়ার বিভিন্ন দোকানে এ হামলার প্রভাব পড়েছে। গত মাসে ফ্রান্সের শত শত সুপারশপে একই ধরনের হামলার পর নতুন করে এ ঘটনা ঘটলো।

বেলজিয়াম ও লুক্সেমবার্গে ডেলহেইজ সুপারশপের প্রায় ৪০টি শাখা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া সুইডেন, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও এস্তোনিয়ার বিভিন্ন দোকানেও একই ধরনের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, ফ্রান্সে গত মাসে চালানো হামলার মতো একই পদ্ধতি ব্যবহার করা হয়েছে এবারও।

বেলজিয়ামের ফ্রিজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সাবকোবেল জানিয়েছে, আক্রান্ত ফ্রিজগুলোর বাষ্পীভবনকারী অংশ বা ইভাপোরেটরকে ডিফ্রস্ট মোডে চালু করে দেওয়া হয়েছিল। এতে ফ্রিজের ভেতরের তাপমাত্রা বেড়ে যায়। কোনো কোনো দোকানের ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যাওয়ার খবর পাওয়া গেছে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফান মোয়েলানস বার্তা সংস্থা বেলগাকে বলেন, এটি সাইবার হামলা। আক্রান্ত ফ্রিজগুলোকে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করতে কর্মীরা সারা রাত ও সকালজুড়ে কাজ করেছেন।

তিনি জানান, অক্টোবরের শুরুর দিকে ফ্রান্সে হামলার পর থেকেই গ্রাহকদের ফ্রিজ এ ধরনের নিরাপত্তাঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে কাজ করছিলেন তারা। তবে শুধু সফটওয়্যার হালনাগাদ করে সমস্যার সমাধান সম্ভব নয়; ফ্রিজগুলোতে সরাসরি কিছু পরিবর্তন আনতে হবে। নিরাপদ ইন্টারনেট সংযোগের মাধ্যমে ফ্রিজ পরিচালনাকে সবচেয়ে সহজ সমাধান হিসেবে উল্লেখ করেন তিনি। ফ্রান্সের ঘটনার পর তাঁদের অধিকাংশ গ্রাহক এ পদ্ধতি গ্রহণ করেছেন।

তবে এবারের হামলার পেছনে কারা রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বেলজিয়ামের ফ্ল্যান্ডার্স অঞ্চলের হুভেলার্টে ডেলহেইজের একটি শাখা সংবাদমাধ্যম হেট লাতস্তে নিউউসকে জানিয়েছে, তাদের প্রায় এক লাখ ইউরো মূল্যের খাদ্যপণ্য নষ্ট হয়েছে। দোকান বন্ধ রাখার কারণে সম্ভাব্য অতিরিক্ত আর্থিক ক্ষতি এ হিসাবের অন্তর্ভুক্ত নয়।

ফরাসি মালিকানাধীন সুপারশপ চেইন ক্যারেফুর জানিয়েছে, বেলজিয়ামে তাদের ১৫টি দোকান এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সব শাখা চালু রাখতে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশটিতে স্পার ব্র্যান্ডের দোকান পরিচালনাকারী কোলরুইট গ্রুপ জানিয়েছে, তাদের পাঁচটি দোকানের ফ্রিজের নিয়ন্ত্রণব্যবস্থায় হামলা হয়েছে।

সুইডেনে আইসিএ ও কুপ সুপারশপের কয়েকটি শাখা আক্রান্ত হয়েছে। আইসিএ কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কেন্দ্রীয় নেটওয়ার্কের বাইরে পরিচালিত অল্প কয়েকটি দোকানে এ ঘটনা ঘটেছে। আক্রান্ত দোকানগুলোকে পরিস্থিতি সামাল দিতে সহায়তা করছে প্রতিষ্ঠানটি।

দক্ষিণ সুইডেনের শোবো শহরে আইসিএর একটি শাখা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, রাতের মধ্যে তাদের ফ্রিজ ও ফ্রিজারের নিয়ন্ত্রণব্যবস্থা হ্যাক করে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে নির্ধারণ করে দেওয়া হয়েছিল। দোকানটি সাময়িকভাবে বন্ধ থাকলেও পরে আবার চালু করা হয়েছে।

অন্যদিকে, সুইডেনে কুপের ৮০০টি দোকানের মধ্যে সাতটি আক্রান্ত হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

আয়ারল্যান্ডে সুপারভ্যালু চেইনের ১৩টি সুপারশপের ফ্রিজব্যবস্থায় সাইবার হামলার প্রভাব পড়েছে। প্রতিষ্ঠানটির মালিক মুসগ্রেভ গ্রুপ জানিয়েছে, নির্দিষ্ট একটি মডেলের ফ্রিজে এ ঘটনা ঘটেছে এবং এর প্রভাব সীমিত।

নেদারল্যান্ডসে ডেনমার্কের প্রস্তুতকারক প্রতিষ্ঠান ড্যানফসের এক মুখপাত্র দেশটির গণমাধ্যম এনওএসকে জানিয়েছেন, রাতের মধ্যে অন্তত ১৭টি প্রতিষ্ঠানের শীতলীকরণ ও হিমায়নব্যবস্থায় হামলা হয়েছে। এতে কসাইয়ের দোকান ও ছোট পাড়াভিত্তিক দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এস্তোনিয়ায় সেলভার সুপারশপের একটি শাখায় হামলার খবর পাওয়া গেছে। দেশটির সংবাদমাধ্যম ইআরআরের প্রতিবেদন অনুযায়ী, আরও কিছু প্রতিষ্ঠান আক্রান্ত হয়ে থাকতে পারে।

ইউরোপের বিভিন্ন দেশে ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরদারি শুরু করেছে। বেলজিয়াম ও সুইডেনের জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার জানিয়েছে, ঘটনার বিস্তারিত বুঝতে তারা আন্তর্জাতিক অংশীদার ও শিল্প খাতের সঙ্গে কাজ করছে। তবে এখন পর্যন্ত যুক্তরাজ্যে এ ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

গত মাসে ফ্রান্সের শত শত সুপারশপে একই ধরনের হামলার ঘটনা ঘটেছিল। এবারের হামলার সঙ্গে ওই ঘটনার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ধারাবাহিক এসব ঘটনায় সুপারশপের শীতলীকরণব্যবস্থার সাইবার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: বিবিসি, গার্ডিয়ান

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত