• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

নির্বাচনের আগেই তলানিতে ট্রাম্পের জনপ্রিয়তা, জরিপে এগিয়ে ডেমোক্র্যাটরা

প্রকাশিত: ১০:১৭, ৩ নভেম্বর ২০২৬

আপডেট: ১০:১৮, ৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
নির্বাচনের আগেই তলানিতে ট্রাম্পের জনপ্রিয়তা, জরিপে এগিয়ে ডেমোক্র্যাটরা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা তার রাজনৈতিক জীবনের সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি রয়েছে। মঙ্গলবারের (৩ নভেম্বর) মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনে ভোট দিয়ে রিপাবলিকান প্রেসিডেন্টের বিরোধিতা করার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের বিপুলসংখ্যক ভোটার। সোমবার শেষ হওয়া রয়টার্স/ইপসোসের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

জরিপের ফল বলছে, গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধ শুরুর পর থেকে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় রিপাবলিকানদের রাজনৈতিক ঝুঁকি আরও বেড়েছে। দেশজুড়ে পরিচালিত জরিপে কংগ্রেসে কোন দলকে দেখতে চান- এমন প্রশ্নে ৪৬ শতাংশ ভোটার ডেমোক্র্যাটদের পক্ষে মত দিয়েছেন। বিপরীতে রিপাবলিকানদের সমর্থন জানিয়েছেন ৩৮ শতাংশ। রাজনৈতিক পরিভাষায় এ ধরনের প্রশ্নকে ‘জেনেরিক ব্যালট’ বলা হয়।

তবে ডেমোক্র্যাটদের এই ৮ শতাংশীয় পয়েন্টের ব্যবধান আগের সপ্তাহের জরিপের তুলনায় কম। ওই জরিপে দলটি রিপাবলিকানদের চেয়ে ১১ শতাংশীয় পয়েন্টে এগিয়ে ছিল।

জেনেরিক ব্যালটের মাধ্যমে দেশজুড়ে ভোটাররা কংগ্রেসে কোন দলকে দায়িত্বে দেখতে চান, সে বিষয়ে সামগ্রিক ধারণা পাওয়া যায়। তবে এতে অঙ্গরাজ্য ও নির্বাচনী এলাকাভিত্তিক প্রতিদ্বন্দ্বিতার সব দিক উঠে আসে না। অথচ এসব প্রতিদ্বন্দ্বিতার ফলই নির্ধারণ করবে মার্কিন সিনেট ও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে।

কংগ্রেসে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে লড়ছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি। দুই দলের রাজনৈতিক কৌশলবিদদের ধারণা, প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেওয়ার সবচেয়ে ভালো সুযোগ রয়েছে ডেমোক্র্যাটদের। এই পরিষদের ৪৩৫টি আসনেই নির্বাচন হচ্ছে। তবে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে ডেমোক্র্যাটদের চ্যালেঞ্জ বেশি। সাম্প্রতিক দিনগুলোতে আলাস্কা ও মিশিগানে দলটিকে প্রতিরক্ষামূলক অবস্থানে থাকতে হচ্ছে।

ট্রাম্প নিজে নির্বাচনে প্রার্থী না হলেও ভোটের রাজনীতিতে তাকে ঘিরেই আলোচনা বেশি।

জরিপে অংশ নেওয়া ৩২ শতাংশ মানুষ জানিয়েছেন, হোয়াইট হাউসে ট্রাম্পের কাজের প্রতি তাদের সমর্থন রয়েছে। এক সপ্তাহ আগেও এই হার একই ছিল। দুই সপ্তাহ আগে ট্রাম্পের প্রতি সমর্থন নেমে এসেছিল সর্বনিম্ন ৩১ শতাংশে।

নিবন্ধিত স্বতন্ত্র ভোটারদের মধ্যে ৫০ শতাংশ বলেছেন, কংগ্রেস নির্বাচনে তাদের ভোট হবে ট্রাম্পের বিরুদ্ধে। বিপরীতে ১৩ শতাংশ বলেছেন, তাঁরা ট্রাম্পের পক্ষে ভোট দেবেন। আর ৩৩ শতাংশের মতে, ভোট দেওয়ার ক্ষেত্রে ট্রাম্প কোনো প্রভাবক নন।

জরিপে অংশ নেওয়া ৭৮ শতাংশ ভোটার বলেছেন, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় তাদের ভোটের সিদ্ধান্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে। কোন দল এই ইস্যুতে ভালো করবে- এমন প্রশ্নে ৪৩ শতাংশ ভোটার ডেমোক্র্যাটদের পক্ষে মত দিয়েছেন। রিপাবলিকানদের পক্ষে ছিলেন ৩২ শতাংশ।

ভোট দেওয়ার বিষয়ে ডেমোক্র্যাট সমর্থকদের মধ্যে উৎসাহও বেশি দেখা গেছে। দলটি আশা করছে, এই আগ্রহ ভোটার উপস্থিতিতে তাদের সুবিধা দেবে। জরিপে ৪৯ শতাংশ ডেমোক্র্যাট সমর্থক বলেছেন, এ বছর ভোট দিতে তারা ‘খুবই উৎসাহী’। রিপাবলিকান সমর্থকদের মধ্যে এই হার ৩৩ শতাংশ।

রয়টার্স/ইপসোসের সর্বশেষ জরিপটি অনলাইনে যুক্তরাষ্ট্রের ১ হাজার ৭৬৫ জন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে পরিচালিত হয়েছে। জরিপটির ত্রুটিসীমা ২ শতাংশীয় পয়েন্ট।

সূত্র: রয়টার্স

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত