সৌদি আরবে ভারী বৃষ্টি-বজ্রঝড় ও আকস্মিক বন্যার সতর্কতা
ছবি: সংগৃহীত
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে শনিবার (৭ নভেম্বর) পর্যন্ত বজ্রঝড়, ভারী বৃষ্টিপাত, আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। ঝড়ের সময় ঘণ্টায় ৬০ কিলোমিটারের বেশি বেগে বাতাস, ধূলিঝড় এবং টর্নেডো সৃষ্টির আশঙ্কাও রয়েছে। গালফ নিউজের খবর।
মঙ্গলবার (৩ নভেম্বর) প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এনসিএম জানায়, দেশটির বিভিন্ন এলাকায় হালকা থেকে ভারী বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। এতে প্রবল বায়ুপ্রবাহ, ধুলাবালি এবং নিচু এলাকায় জলাবদ্ধতা ও আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, জাজান, আসির, আল বাহা ও মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মদিনা, তাবুক, আল জউফ, নর্দার্ন বর্ডার, হাইল ও নাজরানসহ কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
মক্কা নগরী ছাড়াও তায়েফ, আল জুমুম, বাহরা, মাইসান, আদহাম ও আল আরদিয়াত এলাকায় শনিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। অন্যদিকে জেদ্দা, রাবিগ ও খুলাইসে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার (৫ নভেম্বর) পর্যন্ত হালকা বৃষ্টিপাত হতে পারে।
এনসিএম সতর্ক করে বলেছে, ঝড়ের সঙ্গে ৬০ কিলোমিটারের বেশি বেগে দমকা হাওয়া বইতে পারে। এতে দৃশ্যমানতা কমে যাওয়ার পাশাপাশি উপকূলীয় এলাকায় উঁচু ঢেউ সৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সময় কোথাও কোথাও টর্নেডো ও জলস্তম্ভও দেখা দিতে পারে।
আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে সরকারি সতর্কবার্তা অনুসরণ এবং প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় চলাচল না করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। সূত্র: গালফ নিউজ।
বিভি/এআই













মন্তব্য করুন: