• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

ডিআর কঙ্গো মিশনে বিমান বাহিনীর নতুন কন্টিনজেন্ট, ঢাকা ছাড়লেন ১১১ সদস্য

প্রকাশিত: ১০:০৬, ৫ নভেম্বর ২০২৬

আপডেট: ১০:০৬, ৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ডিআর কঙ্গো মিশনে বিমান বাহিনীর নতুন কন্টিনজেন্ট, ঢাকা ছাড়লেন ১১১ সদস্য

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের জন্য ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর ১১১ সদস্য। বুধবার (৪ নভেম্বর) জাতিসংঘের ভাড়াকৃত ইথিওপিয়ান এয়ারলাইনসের একটি বিমানে তারা ঢাকা ত্যাগ করেন। কঙ্গোতে বর্তমানে দায়িত্ব পালনরত বিমান বাহিনীর ইউটিলিটি এভিয়েশন ইউনিট কন্টিনজেন্টের ১৩৫ সদস্যকে পর্যায়ক্রমে নতুন কন্টিনজেন্টের মাধ্যমে প্রতিস্থাপন করা হবে।

নতুন কন্টিনজেন্টের নাম দেওয়া হয়েছে ‘BANUAU-23’। এই কন্টিনজেন্টের নেতৃত্ব দেবেন এয়ার কমডোর এ টি এম ইরফানুর রহমান, বিপিপি, পিএসসি, জিডি (পি)।

বিমান বাহিনী সূত্রে জানা গেছে, কঙ্গোতে বিবদমান সংঘাত নিরসনে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অধীনে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে দক্ষতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তাদের কর্মদক্ষতার মাধ্যমে দেশটির সরকার ও সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন বাংলাদেশি শান্তিরক্ষীরা।

নতুন কন্টিনজেন্টের সদস্যরাও তাদের পূর্বসূরিদের অর্জিত সুনাম ও সাফল্য অক্ষুণ্ন রেখে ভবিষ্যতে আরও উৎকর্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন—এ কামনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ, বিবিপি, ওএসপি, বিপিপি, এনডিইউ, এওডব্লিউসি, পিএসসি এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে শান্তিরক্ষীদের বিদায় জানান।

এর আগে গত ১ নভেম্বর (রবিবার) বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি কঙ্গোগামী বিমান বাহিনীর কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশে বিমান বাহিনী সদর দপ্তরে ব্রিফিং দেন।

এ সময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার আহ্বান জানান। পাশাপাশি মিশনের সাফল্য কামনায় আয়োজিত বিশেষ মোনাজাতেও অংশ নেন বিমান বাহিনী প্রধান।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত