যেসব দেশের নাগরিকদের জন্য সৌদি আরবে অন-অ্যারাইভাল ও ই-ভিসা চালু
মেক্সিকো, সার্বিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা এবং উত্তর মেসিডোনিয়ার নাগরিকদের জন্য পর্যটন ই-ভিসা ও অন-অ্যারাইভাল ভিসা সুবিধা চালু করেছে সৌদি আরব। নতুন এই সিদ্ধান্তের ফলে দেশ চারটির নাগরিকদের সৌদি ভিসার জন্য আর দূতাবাসে গিয়ে আবেদন করতে হবে না।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় ও পর্যটন মন্ত্রণালয় যৌথভাবে এ ঘোষণা দিয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, দেশ চারটির নাগরিকেরা নিজ দেশের পাসপোর্ট ব্যবহার করে অনলাইনে একাধিকবার প্রবেশের সুযোগসহ পর্যটন ই-ভিসার আবেদন করতে পারবেন। পাশাপাশি সৌদি আরবের যেকোনো প্রবেশপথে পৌঁছেও সরাসরি অন-অ্যারাইভাল ভিসা নেওয়ার সুযোগ পাবেন।
এই ভিসার আওতায় ওমরাহ পালন, বিভিন্ন অনুষ্ঠান, প্রদর্শনী ও সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি সৌদি আরবে বসবাসরত আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে দেখা করতে পারবেন ভ্রমণকারীরা।
এ বিষয়ে সৌদি আরবে নিযুক্ত মেক্সিকোর চার্জ দ্য অ্যাফেয়ার্স গিয়ের্মো গুতিয়েরেজ বলেন, নতুন এই সিদ্ধান্ত মেক্সিকোর পর্যটক, ওমরাহযাত্রী, পেশাজীবী ও শিক্ষার্থীদের জন্য সৌদি আরব ভ্রমণের সুযোগ আরও সহজ করবে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলে বসবাসরত মেক্সিকান প্রবাসীদের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক জোরদার হবে।
তিনি বলেন, কূটনৈতিক দিক থেকে এ সিদ্ধান্তের প্রতীকী ও বাস্তব গুরুত্ব রয়েছে। মানুষের যাতায়াত সহজ হলে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি, বিমান চলাচল ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে দুই দেশের সহযোগিতা বাড়বে।
গুতিয়েরেজ আরও বলেন, রিয়াদ, জেদ্দা কিংবা আলউলা ঘুরে দেখার অভিজ্ঞতা নিয়ে মেক্সিকান পর্যটকেরা দেশে ফিরে দুই দেশের সংস্কৃতির অনানুষ্ঠানিক দূত হিসেবে ভূমিকা রাখতে পারবেন।
তার মতে, মেক্সিকোর নাগরিকদের জন্য ই-ভিসা ও অন-অ্যারাইভাল ভিসা চালুর ফলে সৌদি আরব ভ্রমণের অন্যতম প্রশাসনিক বাধা দূর হয়েছে। এতে দুই দেশের মানুষের মধ্যে সরাসরি যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক আরও বাড়বে।
সূত্র: আরব নিউজ
বিভি/টিটি













মন্তব্য করুন: