• NEWS PORTAL

  • শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

দীপাবলির আগের দিনও বিশ্বের সবচেয়ে দূষিত শহর দিল্লি!

প্রকাশিত: ২০:২৪, ৭ নভেম্বর ২০২৬

আপডেট: ২০:২৫, ৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
দীপাবলির আগের দিনও বিশ্বের সবচেয়ে দূষিত শহর দিল্লি!

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব দীপাবলির আগের দিন বিশ্বের সবচেয়ে দূষিত বড় শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ভারতের রাজধানী দিল্লি। শনিবার (৭ নভেম্বর) সকালে সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ারের লাইভ র‍্যাঙ্কিংয়ে শহরটির বায়ুমান সূচক ছিল ৫৮১। উৎসব উপলক্ষে আতশবাজি ও পটকা ফোটানোর কারণে বায়ুদূষণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ পরিস্থিতিতে দিল্লি ও আশপাশের এলাকার স্কুলগুলোকে অনলাইন ক্লাস চালুর নির্দেশ দিয়েছে ভারত সরকার। পাশাপাশি কর্মজীবীদের বাড়ি থেকে কাজ করারও পরামর্শ দেওয়া হয়েছে।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে বায়ুদূষণে শীর্ষে ছিল দিল্লি। এ সময় শহরটির বায়ুমান সূচক (ইউএস এয়ার কোয়ালিটি ইনডেক্স) ছিল ৫৮১। প্রতিবেশী পাকিস্তানের লাহোরের সূচক ছিল ২৮৫, যা দিল্লির তুলনায় অর্ধেকেরও কম।

তবে আইকিউএয়ারের এই সূচক ভারতের সরকারি বায়ুমান সূচকের সঙ্গে সরাসরি তুলনাযোগ্য নয়। কারণ, দুটি সূচক তৈরিতে ভিন্ন পদ্ধতি ও পরিমাপক ব্যবহার করা হয়। ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ১০টায় দিল্লির বায়ুমান সূচক ছিল ৩৬৩, যা ‘অতি খারাপ’ শ্রেণিতে পড়ে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো সরকারি তথ্যের বরাত দিয়ে জানিয়েছে, গত শুক্রবার দীপাবলির আগের আট বছরের মধ্যে দিল্লির বায়ুর মান সবচেয়ে খারাপ ছিল।

উত্তর ভারতের বিভিন্ন এলাকায় শীতের শুরু থেকেই বায়ুদূষণ প্রতিবছর বড় সমস্যা হয়ে দেখা দেয়। এ সময় ঠান্ডা ও ভারী বাতাসের কারণে যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি এবং ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর ধোঁয়া সহজে ছড়িয়ে পড়তে পারে না। ফলে বাতাসে দূষণের মাত্রা বেড়ে যায়। দীপাবলিতে আতশবাজি ও পটকা ফোটানোর কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠার আশঙ্কা রয়েছে।

সূত্র: রয়টার্স

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত