• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

আমিরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ভারতীয় জমজ ভাই-বোনসহ নিহত ৩

প্রকাশিত: ১৫:৩৯, ১২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
আমিরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ভারতীয় জমজ ভাই-বোনসহ নিহত ৩

ছবি: খালিজ টাইমস

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহে সড়ক দুর্ঘটনায় তিন বছরের এক শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহত অন্য দুজনের বয়স ২১ বছর। তারা যমজ ভাই-বোন। এ ঘটনায় পরিবারের আরও চার সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় এক সমাজকর্মীর বরাত দিয়ে খালিজ টাইমস জানিয়েছে, নিহতদের পরিবারের সদস্যরা ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে ফুজাইরাহে বসবাস করছিলেন।

ফুজাইরাহের সমাজকর্মী বি কে বলেন, শারজাহ থেকে ফুজাইরাহে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। ওই সময় গাড়ি চালাচ্ছিলেন ২১ বছর বয়সী তরুণ। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এতে গাড়িতে থাকা ওই তরুণ, তার যমজ বোন এবং তাদের বড় বোনের তিন বছর বয়সী ছেলে মারা যায়। একই গাড়িতে থাকা পরিবারের আরও চার সদস্য আহত হয়েছেন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

সমাজকর্মী বি কে আরও জানান, নিহত যমজ ভাই-বোনের বেড়ে ওঠা ফুজাইরাহেই। তাদের বাবা শহরটিতে একটি ক্যাফেটেরিয়া পরিচালনা করেন। নিহত তরুণ নিয়মিত সেখানে বসতেন এবং ক্যাফেটেরিয়ায় আসা প্রায় সবাই তাকে চিনতেন।

তিনি বলেন, ‘ছেলেটি সব সময় হাসিখুশি থাকত এবং সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করত। তার মৃত্যুর খবর এখনো বিশ্বাস করতে পারছি না। এটি অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা, যা আমিরাতের ভারতীয় সম্প্রদায়কে শোকাহত করেছে।’

এদিকে, বৃহস্পতিবার ফুজাইরাহ পুলিশ জানিয়েছে, আমিরাতে প্রবেশের মুখে শেখ খলিফা বিন জায়েদ সড়কে একটি ট্রাকের সঙ্গে কয়েকটি গাড়ির সংঘর্ষে গুরুতর দুর্ঘটনা ঘটেছে। মধ্যরাতের ওই দুর্ঘটনায় কয়েকজন নিহত ও আহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

তবে কেরালার একই পরিবারের তিনজনের মৃত্যু ওই দুর্ঘটনায় হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: খালিজ টাইমস

বিভি/অনলাইন/পিএইচ

মন্তব্য করুন: