স্পেনে ৪০ লাখ মানুষের নজিরবিহীন বিক্ষোভ-ধর্মঘট!
ছবি: রয়টার্স
বাড়িভাড়া নিয়ন্ত্রণ ও আবাসন সংকট নিরসনের দাবিতে স্পেনে নজিরবিহীন শ্রমিক ধর্মঘট পালিত হয়েছে। বুধবারের (১১ নভেম্বর) এ কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রায় ৪০ লাখ শ্রমিক। দিনভর শান্তিপূর্ণ বিক্ষোভের পর সন্ধ্যায় রাজধানী মাদ্রিদ ও বার্সেলোনায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান বিক্ষোভকারীরা। এ ঘটনায় ৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ নির্বাচনের তিন সপ্তাহেরও কম সময় আগে দেশটির বিভিন্ন শহরে এ ধর্মঘট ছড়িয়ে পড়ে। বাড়িভাড়া নিয়ন্ত্রণ, আবাসনের ব্যয় কমানো এবং সাধারণ মানুষের জন্য বাসস্থানের ব্যবস্থা করার দাবিতে রাস্তায় নামেন শ্রমিক ও ভাড়াটেদের সংগঠনের সদস্যরা।
পুলিশ জানিয়েছে, ধর্মঘটকে কেন্দ্র করে দেশজুড়ে অন্তত ১ হাজার ৪৪টি বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। মাদ্রিদে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, পিপার স্প্রে ও ফোম বুলেট ব্যবহার করে দাঙ্গা পুলিশ। বার্সেলোনায়ও সংঘর্ষের ঘটনা ঘটে। বিভিন্ন এলাকায় দোকানপাট বন্ধ হয়ে যায়।
দেশটির কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, বর্তমানে প্রায় ৭ লাখ ৫০ হাজার বাড়ির ঘাটতি রয়েছে, যা ২০২৮ সালের মধ্যে ১০ লাখ ছাড়াতে পারে। অন্যদিকে, দেশটিতে গড় মাসিক বাড়িভাড়া ১ হাজার ১৭৬ ইউরো। যা একজন তরুণের গড় মাসিক আয়ের প্রায় ৯৮ দশমিক ৭ শতাংশ।
দেশটির বৃহত্তম দুই শ্রমিক সংগঠন ইউজিটি ও সিসিওও ধর্মঘরে সমর্থন দিয়েছে। সংগঠনগুলোর দাবি, বন্দর ও গাড়ি নির্মাণশিল্পে ধর্মঘটে অংশগ্রহণের হার ৯০ শতাংশে পৌঁছেছে। বিভিন্ন কারখানায় উৎপাদনও বন্ধ ছিলো।
আসন্ন নির্বাচনের আগে আবাসন সংকট নিয়ে শ্রমিকদের এই ক্ষোভ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকারের ওপর নতুন রাজনৈতিক চাপ তৈরি করেছে। সূত্র: রয়টার্স
বিভি/এমআর













মন্তব্য করুন: