• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

কপ-৩১’এ সংবাদ সম্মেলন

কেউ আমাদের উদ্ধার করতে আসবে না: গ্রেটা থুনবার্গ

প্রকাশিত: ১৬:৪৩, ১২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
কেউ আমাদের উদ্ধার করতে আসবে না: গ্রেটা থুনবার্গ

‘পৃথিবী নিজে নিজে ধ্বংস হচ্ছে না, একে ধ্বংস করা হচ্ছে। আর কারা এটি করছে, তা আমরা জানি’- এমন মন্তব্য করেছেন সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ দেওয়া বক্তব্যে তিনি বলেন, যাদের পৃথিবীকে রক্ষা করতে এগিয়ে আসার কথা, তারাই একে ধ্বংস করছে। তাই আমাদের উদ্ধার করতে কেউ আসবে না।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) কপ৩১ সম্মেলনস্থলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে থুনবার্গ এসব কথা বলেন। সেখানে তার সঙ্গে নেপাল, অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও কানাডার কয়েকজন জলবায়ু আন্দোলনকর্মীও উপস্থিত ছিলেন। তারা জলবায়ু সংকট মোকাবিলায় বিভিন্ন দেশের সরকারের নিষ্ক্রিয়তার সমালোচনা করেন। একই সঙ্গে ইসরায়েলে তুরস্কের জ্বালানি সরবরাহ বন্ধের আহ্বান জানান।

থুনবার্গ বলেন, ‘রাষ্ট্র ও অন্যান্য প্রতিষ্ঠান যখন আমাদের মানবাধিকারকে হুমকির মুখে ফেলে, তখন সবার মানবাধিকার রক্ষায় আমাদেরই এগিয়ে আসতে হবে। দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং লড়াই চালিয়ে যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের উদ্ধার করতে কেউ আসছে না। পৃথিবী নিজে নিজে ধ্বংস হচ্ছে না, একে ধ্বংস করা হচ্ছে। আর কারা এটি করছে, তা আমরা জানি। যাদের আমাদের রক্ষায় এগিয়ে আসার কথা, তারাই এটি করছে।’

জলবায়ু সংকটের পাশাপাশি বিশ্বজুড়ে মানবাধিকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন থুনবার্গ। তার আশঙ্কা, বিশ্ব এমন এক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে গণহত্যা ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড আরও বাড়বে। একই সঙ্গে মানুষের মৌলিক অধিকার ক্ষতিগ্রস্ত হবে এবং নিত্যপ্রয়োজনীয় বিষয়গুলোও বিলাসিতায় পরিণত হবে।

থুনবার্গ বলেন, ‘আমরা এমন এক ভবিষ্যতের দিকে এগোচ্ছি, যেখানে আরও গণহত্যা, আরও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড এবং আমাদের মৌলিক অধিকারগুলোর সম্পূর্ণ অবনতি ঘটবে। সেখানে মৌলিক প্রয়োজনীয় জিনিসগুলোও বিলাসিতায় পরিণত হবে। এ ধরনের সম্মেলনে এলে পরিস্থিতি যে কতটা নিয়ন্ত্রণের বাইরে, তা আগের চেয়ে আরও স্পষ্ট হয়ে ওঠে।’

২০২১ সালের পর আর কোনো কপ সম্মেলনে অংশ নেননি গ্রেটা থুনবার্গ। ওই বছর স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত কপ২৬ সম্মেলনে বিশ্বনেতাদের জলবায়ু আলোচনাকে তিনি ‘ব্লা ব্লা ব্লা’ বলে সমালোচনা করেছিলেন।

এরপর জলবায়ু সংকটের পাশাপাশি ফিলিস্তিনি জনগণের দুর্দশাসহ বিভিন্ন মানবাধিকার ইস্যুতেও সক্রিয় হয়েছেন তিনি। বিশেষ করে ফিলিস্তিনে ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এই সুইডিশ আন্দোলনকর্মী।

এবার তুরস্কে তার আগমনকে ঘিরে কপ৩১ সম্মেলনে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সংবাদ সম্মেলন শেষে তার সঙ্গে কথা বলতে অনেকেই ভিড় করেন।

সূত্র: গার্ডিয়ান

বিভি/জিডিএন/পিএইচ

মন্তব্য করুন: