মারা গেলেন ‘নারকোস’-এর আসল খলনায়ক মাদক সম্রাট ফেলিক্স গায়ার্দো
আশির দশকের অন্যতম ক্ষমতাধর মেক্সিকান মাদক সম্রাট এবং আধুনিক মাদক সাম্রাজ্যের ভিত্তি স্থাপনকারীদের একজন মিগেল আনহেল ফেলিক্স গায়ার্দো কারাবন্দী অবস্থায় মারা গেছেন। ফেলিক্স গায়ার্দো ছিলেন কুখ্যাত গুয়াদালাহারা কার্টেলের প্রতিষ্ঠাতা।
সোমবার (১৬ নভেম্বর) দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, মিগেল আনহেল ফেলিক্স গায়ার্দো স্বাভাবিক বা বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় মারা গেছেন। কোনো হামলা বা অস্বাভাবিক ঘটনায় তার মৃত্যু হয়নি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মৃত্যুর দুই দিন আগে তাকে জালিস্কো রাজ্যের পুয়েন্তে গ্রান্দে কারাগার থেকে ওই হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।
মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থা ডি.ই.এ. এর এক এজেন্টকে হত্যার দায়ে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বড় ধরনের হন্ট বা চিরুনি অভিযান চালানো হয়েছিল। আশির দশকে মেক্সিকোর মাদক ব্যবসার মূল চালিকাশক্তি ছিলেন তিনি। তাকে মেক্সিকোর আধুনিক মাদক সাম্রাজ্যের "গডফাদার" হিসেবে গণ্য করা হতো, কারণ তিনিই প্রথম মেক্সিকোর বিভিন্ন ছোট ও বিচ্ছিন্ন গ্যাংগুলোকে একত্রিত করে একটি সুসংগঠিত আন্তর্জাতিক মাদক পাচার নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন।
১৯৮৫ সালে ডি.ই.এ. এজেন্ট এনরিকে "কিকি" কামারেনা-কে অপহরণ ও নির্মমভাবে হত্যা করা হয়। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড হিসেবে ফেলিক্স গায়ার্দোকে চিহ্নিত করা হয়। এরপর যুক্তরাষ্ট্র সরকার তাকে ধরতে নজিরবিহীন এক আন্তর্জাতিক চিরুনি অভিযান পরিচালনা করে, যা সে সময় মেক্সিকো ও মার্কিন সম্পর্কের অন্যতম বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছিল।
১৯৮৯ সালে মেক্সিকান কর্তৃপক্ষের হাতে গ্রেফতার হন ফেলিক্স গায়ার্দো। তাকে কিকি কামারেনা হত্যাসহ মাদক পাচার ও দুর্নীতির অভিযোগে দীর্ঘ কারাদণ্ড দেওয়া হয়। জীবনের দীর্ঘ একটি সময় তাকে কঠোর নিরাপত্তার মধ্যে জেলেই কাটাতে হয়েছে। তার এবং গুয়াদালাহারা কার্টেলের এই উত্থান ও পতনের ইতিহাস নেটফ্লিক্সের জনপ্রিয় অপরাধমূলক সিরিজ "নারকোস: মেক্সিকো"-র প্রথম দুই মৌসুমে অত্যন্ত নাটকীয়ভাবে ফুটিয়ে তোলা হয়েছিল, যেখানে তার চরিত্রটি বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি পায়।
বিভি/এমএফআর













মন্তব্য করুন: