সিঙ্গাপুর-মালয়েশিয়ার কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট, নেপথ্যে কী?
মাসের পর মাস ধরে চলা দাবানলের কারণে সৃষ্ট আন্তসীমান্ত ধোঁয়ায় ভোগান্তির জন্য প্রতিবেশী দেশ সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কাছে ক্ষমা চেয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। ভয়াবহ দাবানলের ধোঁয়া দুই দেশে ছড়িয়ে পড়ায় দুঃখ প্রকাশ করে তিনি বলেছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে ইন্দোনেশিয়া সর্বোচ্চ চেষ্টা করেছে।
রবিবার (১৫ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় শুরু হওয়া আসিয়ান সম্মেলনের এক অধিবেশনে তিনি এ ক্ষমা প্রার্থনা করেন। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
অধিবেশনে প্রাবোও বলেন, ‘আমাদের দেশে যখন ভয়াবহ দাবানল হয়েছিল এবং তা নিয়ন্ত্রণে আনতে প্রায় চার মাস সময় লেগেছিল, তখন এর ধোঁয়া মালয়েশিয়া ও সিঙ্গাপুরে ছড়িয়ে পড়ে। এর জন্য প্রতিবেশী দেশ দুটির কাছে আমি ক্ষমা চাইছি। এটি আমাদের ইচ্ছাকৃত ছিল না। তবে আবারও ক্ষমা চাইছি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি।’
দাবানলে জড়িত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে বলে জানান তিনি। পাশাপাশি দাবানল প্রতিরোধে কার্যক্রম আরও জোরদার করতে নতুন একটি সংস্থা গঠনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট।
প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, দাবানলে ভূমিকা রাখা কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রেই ছাড় না দেওয়ার নীতি অনুসরণ করছে ইন্দোনেশিয়া।
প্রাবোও জানান, ইতোমধ্যে ১৭টি প্রতিষ্ঠানের বন ব্যবহারের অনুমতি বাতিল করা হয়েছে। আরও ২৬টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত চলছে এবং ১১টির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এ ছাড়া আরও ২৩টি প্রতিষ্ঠানকে অভিযোগের আওতায় আনার তালিকায় রাখা হয়েছে।
তিনি বলেন, সব মিলিয়ে বর্তমানে ১০৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পুলিশ তদন্ত করছে।
দাবানল নিয়ন্ত্রণে ইন্দোনেশিয়া ৭১ হাজার বন অগ্নিনির্বাপণকর্মী মোতায়েন করেছিল বলেও জানান প্রাবোও। আগুন নেভানোর কাজে অংশ নিতে গিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে।
এদিকে রবিবারের পূর্ণাঙ্গ অধিবেশন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী থেরেসা লাজারো বলেন, ইন্দোনেশিয়া দাবানল মোকাবিলায় তাদের নেওয়া পদক্ষেপ ও প্রচেষ্টা সম্পর্কে অত্যন্ত খোলামেলা বক্তব্য দিয়েছে।
ইন্দোনেশিয়া গত ১১ বছরের মধ্যে সবচেয়ে তীব্র দাবানলের মুখোমুখি হয়েছে। দেশটির সুমাত্রা, বোর্নিও ও পাপুয়া দ্বীপের বিস্তীর্ণ বনাঞ্চল আগুনে পুড়ে গেছে। কয়েক মাস ধরে চলা এসব দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়েছে প্রতিবেশী দেশগুলোতে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে সিঙ্গাপুর ও মালয়েশিয়া।
তবে দাবানল মোকাবিলায় ইন্দোনেশিয়ার সমালোচনা না করে দেশ দুটির পক্ষ থেকে সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়েছে।
এর আগে দাবানলের ধোঁয়া নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন ইন্দোনেশিয়ার এক কর্মকর্তা। গত অক্টোবরে দেশটির সরকারি যোগাযোগ সংস্থার প্রধান সিয়াহগান্ডা নাইঙ্গোলান দাবি করেন, ইন্দোনেশিয়ার বনাঞ্চল থেকে মালয়েশিয়া ও সিঙ্গাপুর অক্সিজেন পায়।
তিনি বলেছিলেন, ‘আমরা শুধু ধোঁয়াই পাঠাই না, ধোঁয়া না থাকলে অক্সিজেনও পাঠাই।’
আন্তসীমান্ত বায়ুদূষণ মোকাবিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে ২০০২ সালে আসিয়ান চুক্তি স্বাক্ষরিত হয়। এই আইনগতভাবে বাধ্যতামূলক চুক্তির আওতায় আসিয়ানের ১১টি সদস্যদেশ সমন্বিত জাতীয় উদ্যোগ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে ধোঁয়াজনিত দূষণ মোকাবিলায় অঙ্গীকারবদ্ধ।
তবে চুক্তিতে আন্তর্জাতিক বিচার আদালতের মতো কোনো বিচারিক সংস্থার মাধ্যমে বিধান কার্যকরের ব্যবস্থা রাখা হয়নি। চুক্তির ব্যাখ্যা বা বাস্তবায়ন নিয়ে সদস্যদেশগুলোর মধ্যে মতবিরোধ দেখা দিলে তা আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলা হয়েছে।
চুক্তি বাস্তবায়নের অগ্রগতিও বেশ ধীর। প্রায় ২৫ বছর আগে পরিকল্পনা নেওয়া হলেও এর সমন্বয়কারী কার্যালয় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় চালু হয়েছে চলতি বছরের এপ্রিলে।
তবে সম্প্রতি আন্তসীমান্ত ধোঁয়াজনিত দূষণের পরিস্থিতির উন্নতি হয়েছে। গত বৃহস্পতিবার আসিয়ান স্পেশালাইজড মেটিওরোলজিক্যাল সেন্টার (এএসএমসি) দক্ষিণ-পূর্ব এশিয়ার দক্ষিণাঞ্চলে আন্তসীমান্ত ধোঁয়াজনিত দূষণ না থাকার ঘোষণা দেয় বলে জানিয়েছে জাকার্তা পোস্ট।
সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা ও কালিমানতান প্রদেশে আগুনের উৎসস্থল কমে যাওয়াকে পরিস্থিতির উন্নতির কারণ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: আলজাজিরা
বিভি/কেএস/পিএইচ













মন্তব্য করুন: