• NEWS PORTAL

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

রেকর্ড পরিমাণ বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়িয়েছে ভারতের শেয়ারবাজার

প্রকাশিত: ০৯:২৯, ১৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
রেকর্ড পরিমাণ বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়িয়েছে ভারতের শেয়ারবাজার

ছবি: রয়টার্স

রেকর্ড পরিমাণ বিদেশি বিনিয়োগে নভেম্বরে ঘুরে দাঁড়িয়েছে ভারতের শেয়ারবাজার। চলতি মাসে এখন পর্যন্ত দেশটির শেয়ারবাজারে ৯৫৩ কোটি ডলারের শেয়ার কিনেছেন বিদেশি বিনিয়োগকারীরা। ভারতের ইতিহাসে এক মাসে বিদেশি বিনিয়োগের এটিই সর্বোচ্চ রেকর্ড। এর ফলে ভারতের প্রধান শেয়ারবাজার সূচকগুলো গত ছয় বছরের মধ্যে সবচেয়ে বড় মাসিক প্রবৃদ্ধির পথে রয়েছে।

জ্বালানি তেলের দাম কমে আসা, কোম্পানিগুলোর আয় পরিস্থিতি স্থিতিশীল থাকা এবং বৈশ্বিক বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ার থেকে বিনিয়োগকারীদের সরে আসার প্রবণতা ভারতীয় বাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে ভূমিকা রেখেছে। সোমবার (১৬ নভেম্বর) সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

নভেম্বরে এখন পর্যন্ত ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) নিফটি ৫০ সূচক বেড়েছে ৯ দশমিক ৭ শতাংশ। অন্যদিকে বোম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সেনসেক্স সূচক বেড়েছে ১০ দশমিক ৩ শতাংশ। এতে গত ছয় বছরের মধ্যে সবচেয়ে ভালো মাসিক প্রবৃদ্ধির পথে রয়েছে দেশটির প্রধান দুই শেয়ারসূচক।

ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেডের (এনএসডিএল) তথ্য অনুযায়ী, গত সোমবার পর্যন্ত চলতি মাসে ভারতের শেয়ার ও বন্ডবাজারে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগ এসেছে মোট ১ হাজার ৩৩ কোটি ডলার। এর মধ্যে শুধু শেয়ারবাজারে এসেছে ৯৫৩ কোটি ডলার।

বিশ্লেষকদের মতে, ভারত তার চাহিদার বড় একটি অংশ আমদানির ওপর নির্ভর করে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমায় ভারতের আমদানি খরচ কমেছে, যা দেশটির সামগ্রিক অর্থনীতি ও শিল্প খাতের জন্য অত্যন্ত ইতিবাচক। এছাড়া ভারতের তালিকাভুক্ত কোম্পানিগুলোর ত্রৈমাসিক ব্যবসায়িক ফলাফল বা আয় পরিস্থিতির উন্নতি হয়েছে। গত কিছুদিন ধরে বিশ্বজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা এআই খাতের শেয়ারে মাত্রাতিরিক্ত বিনিয়োগ করেছিলেন। কিন্তু সেই বাজার কিছুটা অতিমূল্যায়িত বা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায়, বিনিয়োগকারীরা এখন তুলনামূলক নিরাপদ ও উদীয়মান বাজার হিসেবে ভারতের শেয়ারবাজারে পুঁজি স্থানান্তর করছেন।

এর আগে ২০২৫ সালে ভারতের শেয়ারবাজার থেকে ১ হাজার ৮৯১ কোটি ডলারের শেয়ার বিক্রি করে অর্থ তুলে নেন বিদেশি বিনিয়োগকারীরা। চলতি বছরের অক্টোবর পর্যন্ত আরও ৩ হাজার ১৪১ কোটি ডলারের শেয়ার বিক্রি করেন তারা। কোম্পানিগুলোর শেয়ারের অতিমূল্যায়ন, এআই খাতে বিনিয়োগের সুযোগের অভাব এবং জ্বালানি তেলের উচ্চমূল্যকে বিদেশি বিনিয়োগকারীদের সরে যাওয়ার প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছিল।

তবে নভেম্বরে রেকর্ড বিনিয়োগের ফলে চলতি বছরে ভারতীয় শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগকারীদের নিট বিক্রির পরিমাণ কমে ২ হাজার ১৮৮ কোটি ডলারে দাঁড়িয়েছে। এতে এশিয়ার অন্যান্য শেয়ারবাজারের তুলনায় ভারতের পিছিয়ে থাকার ব্যবধান কিছুটা কমেছে। যদিও চলতি বছরে এখন পর্যন্ত নিফটি ৫০ সূচক ৩ দশমিক ২ শতাংশ কমেছে। ফলে এশিয়ার দুর্বল পারফরম্যান্স করা শেয়ারবাজারগুলোর মধ্যে রয়েছে ভারত।

বিভি/এমএফআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত