কাবার ভেতরে নামাজ আদায়: বিরল সম্মান পেলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট
সৌদি আরবের মক্কায় পবিত্র ওমরাহ পালনে গিয়ে বিরল এক সম্মান পেয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু। গত ১ নভেম্বর সৌদি রাজপরিবারের বিশেষ অনুমতিতে তিনি পবিত্র কাবার ভেতরে প্রবেশ করে নামাজ আদায় করেন। রাষ্ট্রপ্রধান, রাজপরিবারের সদস্য ও বিশেষ গুরুত্বপূর্ণ অতিথিদের খুব সীমিতসংখ্যক ব্যক্তিকেই সাধারণত এ সুযোগ দেওয়া হয়।
প্রেসিডেন্ট তিনুবুর সঙ্গে ছিলেন কয়েকজন রাজ্য গভর্নর, তার ছেলে ইয়িনকা, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তারা। তাদের মধ্যে ছিলেন বিইউএ গ্রুপের চেয়ারম্যান আবদুল সামাদ রাবিউ এবং ওআন্দো প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ওয়ালে তিনুবু। কাবার ভেতরে নামাজ আদায়ের পাশাপাশি তিনি হাজরে আসওয়াদেও চুম্বন করেন। এ সময় কাবার গিলাফের চারপাশে নাইজেরিয়ার জাতীয় পতাকার সবুজ-সাদা রঙের সাজসজ্জা ছিল।
গত ২৯ অক্টোবর মক্কায় পৌঁছে শুক্রবার ভোরে মসজিদুল হারামে ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনুবু। কাবা শরিফ সাতবার তাওয়াফ এবং সাফা-মারওয়া সায়ি শেষে তিনি নাইজেরিয়ার শান্তি, ঐক্য, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য দোয়া করেন।
নাইজেরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনুবু বলেন, কাবার ভেতরে প্রবেশের সুযোগ পাওয়া তার জন্য ঐতিহাসিক সম্মান। দেশটির মানুষের সেবা অব্যাহত রাখতে তিনি আল্লাহর কাছে প্রজ্ঞা ও দৃঢ়তা চেয়েছেন। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।
তিনুবুর সঙ্গে কাবার ভেতরে প্রবেশ করা ব্যবসায়ী আবদুল সামাদ রাবিউ এ অভিজ্ঞতাকে জীবনের বিরল সম্মান হিসেবে বর্ণনা করেছেন। বহুবার হজ ও ওমরাহ করলেও আগে কখনো কাবার ভেতরে যাওয়ার সুযোগ পাননি তিনি।
এর আগে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে নাইজেরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট মুহাম্মদু বুহারিও সৌদি সফরে গিয়ে কাবার ভেতরে প্রবেশের সুযোগ পেয়েছিলেন।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের নির্বাচনের আগে মক্কায় ওমরাহ করতে গিয়ে জয়ী হলে কৃতজ্ঞতা জানাতে আবারও ফেরার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনুবু। ২০২৬ সালের এই সফরকে সেই প্রতিশ্রুতি পূরণ হিসেবে দেখা হচ্ছে।
তবে ধর্মীয় তাৎপর্যের পাশাপাশি সৌদি আরবের এই সম্মানকে নাইজেরিয়ার সঙ্গে দেশটির সুসম্পর্কের কূটনৈতিক বার্তা হিসেবেও ব্যাখ্যা করা হচ্ছে। একই সঙ্গে ২০২৭ সালের নির্বাচনের আগে মুসলিম ভোটারদের মধ্যে তিনুবুর রাজনৈতিক ভাবমূর্তিতে এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। সোর্স: ভয়েস অব নাইজেরিয়া
বিভি/এজেড













মন্তব্য করুন: