১০ বিলিয়ন কিলোমিটার পাড়ি দিয়ে বুধের কক্ষপথে নতুন মহাকাশযান!
ছবি: বুধের কক্ষপথে ‘বেপিকলম্বো’
দীর্ঘ আট বছরের মহাকাশযাত্রা শেষে সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান ও ইউরোপের যৌথ মহাকাশযান ‘বেপিকলম্বো’। রবিবার (২২ নভেম্বর) ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ) এ তথ্য জানিয়েছে।
ইএসএ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানায়, মহাকাশযানটির থ্রাস্টার টানা ৩০ মিনিটের বেশি সময় চালু রাখার পর এটি সফলভাবে বুধের কক্ষপথে প্রবেশ করে। এরই মধ্যে সংগৃহীত তথ্য-উপাত্ত বিশ্লেষণের কাজও শুরু হয়েছে।
২০১৮ সালে যাত্রা শুরু করা প্রায় চার টন ওজনের মহাকাশযানটি এ পর্যন্ত ১০ বিলিয়ন কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়েছে। বুধ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং গ্রহটির গঠন, পৃষ্ঠতল ও চৌম্বকক্ষেত্র নিয়ে গবেষণা করাই এ অভিযানের লক্ষ্য।
মিশন পরিকল্পনা অনুযায়ী, আগামী ৯ ও ১০ ডিসেম্বর মহাকাশযানটির ইউরোপীয় ও জাপানি অংশ আলাদা হয়ে নিজ নিজ কক্ষপথে অবস্থান নেবে। ইউরোপীয় অংশটি বুধের পৃষ্ঠতল পর্যবেক্ষণ করবে। অন্যদিকে, জাপানি অংশটি গ্রহটির চৌম্বকক্ষেত্র নিয়ে গবেষণা করবে।
বুধে তাপমাত্রার ব্যাপক তারতম্য দেখা যায়। গ্রহটির তাপমাত্রা কখনো মাইনাস ১৮০ ডিগ্রি, আবার কখনো ৪৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে। এর আগে ১৯৭৪ সালে নাসার ‘মেরিনার-১০’ প্রথমবারের মতো বুধের পাশ দিয়ে উড়ে যায়। সূত্র: এএফপি
বিভি/এমআর













মন্তব্য করুন: