প্রথম সফরেই ভারত গেলেন নেপালের প্রধানমন্ত্রী!
ছবি: ভারতে নেপালের প্রধানমন্ত্রী
নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফরে ভারতে পৌঁছেছেন বালেন্দ্র শাহ। রবিবার (২২ নভেম্বর) নয়াদিল্লিতে পৌঁছালে ঐতিহ্যবাহী লোকনৃত্যের মাধ্যমে তাকে স্বাগত জানানো হয়। ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রাসাদা বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান।
দুই দিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ ভারতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন ৩৬ বছর বয়সী শাহ। অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা, নতুন আকাশপথ চালু এবং সাম্প্রতিক ভয়াবহ বন্যার পর নেপালের পুনর্গঠনে ভারতের সহায়তা—আলোচনায় এসব বিষয় গুরুত্ব পেতে পারে।
গত মার্চে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) বিপুল জয়ের মধ্য দিয়ে নেপালের ক্ষমতায় আসে নতুন নেতৃত্ব। দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জেন-জি আন্দোলনের মুখে কে পি শর্মা ওলির সরকার পতনের পর রাজনৈতিক দৃশ্যপটে পরিবর্তন আসে। বিশ্লেষকদের মতে, নতুন নেতৃত্বের সঙ্গে ভারতের উচ্চপর্যায়ের এই যোগাযোগ দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের সুযোগ তৈরি করেছে।
তবে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের পাশাপাশি ভারত ও নেপালের মধ্যে সীমান্ত বিরোধ, রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ এবং বাণিজ্যিক ভারসাম্যহীনতা নিয়ে অসন্তোষ রয়েছে। ২০১৯ সালে ভারতের প্রকাশিত মানচিত্রে বিতর্কিত কিছু অঞ্চল অন্তর্ভুক্ত করায় দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়।
নেপালের জন্য ভারতের সঙ্গে জ্বালানি সহযোগিতাও গুরুত্বপূর্ণ। দেশটি থেকে সর্বোচ্চ ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির অনুমোদন দিয়েছে ভারত। ভবিষ্যতে এই সহযোগিতা বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত হওয়ার সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে, চীনের সঙ্গেও সম্পর্কের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে কাঠমান্ডু। ভারত সফরের আগে চীনে সংসদীয় প্রতিনিধিদল পাঠিয়েছেন শাহ।
তবে এবারের সফরের বড় লক্ষ্য বন্যার পর পুনর্গঠনে সহায়তা পাওয়া। নেপাল সরকারের হিসাবে, এ কাজে প্রায় ৫০০ কোটি ডলার প্রয়োজন। দিল্লির কাছ থেকে আর্থিক সহায়তার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি আদায় করতে পারলে তা শাহ সরকারের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন হতে পারে।
বিভি/এমআর













মন্তব্য করুন: