• NEWS PORTAL

  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬

ভারতকে কোণঠাসা করতে চীন-পাকিস্তানের ছক!

প্রকাশিত: ১৭:৫৪, ২২ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:০১, ২২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ভারতকে কোণঠাসা করতে চীন-পাকিস্তানের ছক!

ভারতকে কোণঠাসা করতে একসঙ্গে অর্থনীতি, সামরিক শক্তি ও কূটনীতিকে হাতিয়ার করছে চীন। গুরুত্বপূর্ণ শিল্প উপকরণ ও প্রযুক্তি সরবরাহে নিয়ন্ত্রণ, সীমান্তে সামরিক চাপ এবং পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়িয়ে নয়াদিল্লিকে কৌশলগত চ্যালেঞ্জের মুখে ফেলছে বেইজিং। এমনই মূল্যায়ন উঠে এসেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি বিশেষ কমিশনের ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদনে।

যুক্তরাষ্ট্র-চীন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশনের (ইউএসসিসি) প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ায় চীনের আধিপত্যের পথে সম্ভাব্য বড় প্রতিদ্বন্দ্বী ভারত। যুক্তরাষ্ট্রের সামরিক জোটের বাইরে থেকেও জনসংখ্যা, অর্থনীতি ও শিল্প সক্ষমতার কারণে চীনের সঙ্গে প্রতিযোগিতার সামর্থ্য রাখে দেশটি। একটি শক্তিশালী ভারত এশিয়ায় ক্ষমতার ভারসাম্য বদলে দেওয়ার পাশাপাশি চীনের উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার বিকল্প হয়ে উঠতে পারে। এ কারণেই ভারতের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে সক্রিয় বেইজিং।
 
প্রতিবেদনে চীনের সবচেয়ে কার্যকর হাতিয়ার হিসেবে অর্থনৈতিক নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। গুরুত্বপূর্ণ শিল্প উপকরণ, প্রযুক্তি ও বিশেষজ্ঞ জ্ঞানের সরবরাহে নিয়ন্ত্রণ আরোপ করে ভারতের নিজস্ব শিল্প সক্ষমতা গড়ে তোলার প্রচেষ্টা বাধাগ্রস্ত করতে চাইছে দেশটি। বিশেষ করে যেসব খাতে ভারত চীনের ওপর নির্ভরশীল, সেসব ক্ষেত্রে সরবরাহ সীমিত করার ঝুঁকি রয়েছে। 

অন্যদিকে সামরিক ক্ষেত্রেও ভারতের উদ্বেগ বাড়াচ্ছে বেইজিং। পাকিস্তানের সঙ্গে চীনের ক্রমবর্ধমান প্রতিরক্ষা সহযোগিতাকে ভারতের জন্য বড় নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে দেখছে মার্কিন কমিশন। প্রতিবেদনে ২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তান সংঘাতের প্রসঙ্গ তুলে বলা হয়েছে, সরাসরি যুদ্ধে অংশ না নিয়েও সংকটের সময় পাকিস্তানকে সামরিক ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার সক্ষমতা দেখিয়েছে চীন।

ভারত মহাসাগরেও চীনের প্রভাব বিস্তারের প্রচেষ্টাকে গুরুত্ব দিয়েছে মার্কিন প্রতিবেদন। বলা হয়েছে, গুরুত্বপূর্ণ সমুদ্রপথ ও নৌ-বাণিজ্যের প্রবেশপথে উপস্থিতি বাড়িয়ে ভারতের কৌশলগত সুবিধা কমাতে চাইছে বেইজিং। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে অবকাঠামো নির্মাণ, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব বাড়িয়ে নিজেদের প্রভাব বিস্তার করছে চীন।

মার্কিন কমিশনের মূল্যায়ন, অর্থনৈতিক চাপ, সামরিক সহযোগিতা এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের সমন্বিত কৌশলের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় ভারতের অবস্থান দুর্বল করার চেষ্টা চালাচ্ছে বেইজিং। সব মিলিয়ে ভারত-চীন প্রতিযোগিতা এখন আর শুধু সীমান্ত বিরোধে সীমাবদ্ধ নেই; এর বিস্তার ঘটছে প্রযুক্তি, বাণিজ্য, প্রতিরক্ষা ও ভারত মহাসাগরের ভূরাজনীতিতেও। 

বিভি/এইচজে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত