বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন, নেপথ্যে কী?
ফাইল ছবি
মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত থাকলেও আন্তর্জাতিক বাজারে কমছে জ্বালানি তেলের দাম। বৈশ্বিক শেয়ারবাজারের দরপতন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগের সুফল নিয়ে উদ্বেগ এবং আর্থিক বাজারে অনিশ্চয়তার প্রভাব পড়েছে তেলের বাজারে। তবে মধ্যপ্রাচ্যে জ্বালানি অবকাঠামো ও জাহাজে হামলার ঘটনা তেলের দামে বড় ধরনের পতন ঠেকিয়ে রেখেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২৩ নভেম্বর) এশিয়ার বাজারে লেনদেনের শুরুতেই তেলের দামে দরপতন দেখা যায়। এর আগের দিনও কমেছিল জ্বালানি তেলের দাম।
রয়টার্সের তথ্যমতে, সোমবার বাংলাদেশ সময় দুপুর ১টা ৩৮ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৭ সেন্ট বা ০.৫১ শতাংশ কমে ৯২.১০ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪৩ সেন্ট বা ০.৫২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮২.৯৮ ডলারে নেমে আসে।
এর আগে দিনের লেনদেনে ব্রেন্টের দাম সর্বোচ্চ ৯৩.১২ ডলার এবং ডব্লিউটিআইয়ের দাম ৮৩.৯৫ ডলারে উঠেছিল। গত সপ্তাহে ব্রেন্টের দাম ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৫ শতাংশ কমেছিল।
রয়টার্স বলছে, বৈশ্বিক শেয়ারবাজারের দরপতন তেলের দাম কমার অন্যতম কারণ। বিশেষ করে এআই খাতে বিনিয়োগের সুফল নিয়ে উদ্বেগের কারণে আন্তর্জাতিক আর্থিক বাজারে নেতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে পণ্যবাজারেও।
তবে মধ্যপ্রাচ্যে জ্বালানি অবকাঠামো ও জাহাজে হামলার ঘটনা তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়ে রেখেছে। তেলবাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এবং পাল্টাপাল্টি হুমকি অব্যাহত থাকলে তেলের দামে ভূরাজনৈতিক ঝুঁকির প্রভাবও বজায় থাকবে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: