আর্থিক চাপেও থেমে নেই বিলাসিতা, আকার ছাড়াবে দেড় ট্রিলিয়ন ইউরো
অর্থনৈতিক ও ভূরাজনৈতিক নানা চাপের মধ্যেও চলতি ২০২৬ সালে বিশ্বজুড়ে বিলাসপণ্যের বাজার স্থিতিশীল অবস্থানে রয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বাজার গবেষণাপ্রতিষ্ঠান বেইন অ্যান্ড কোম্পানির গত ১৮ নভেম্বর প্রকাশিত বার্ষিক সমীক্ষায় বলা হয়েছে, চলতি বছর শেষে বৈশ্বিক বিলাসপণ্যের বাজারের আকার ১ লাখ ৫০ হাজার কোটি (১.৫ ট্রিলিয়ন) ইউরোতে পৌঁছাতে পারে। স্থির মুদ্রা হারে (কনস্ট্যান্ট এক্সচেঞ্জ রেট) ২০২৫ সালের তুলনায় এটি অপরিবর্তিত থাকা থেকে শুরু করে ২ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
প্রতিবেদনে দেখা গেছে, সামগ্রিক বাজারের আকার টিকে থাকলেও ক্রেতার সংখ্যা কমেছে। ২০২৫ সালে ব্যক্তিগত বিলাসপণ্যের (যেমন পোশাক, জুতা, ব্যাগ, ঘড়ি, গয়না ও প্রসাধনী) ক্রেতা ছিলেন প্রায় ৩৩ কোটি। ২০২৬ সালে এই সংখ্যা কমে প্রায় ৩১ কোটি ৫০ লাখে নেমে আসতে পারে। তবে বাজারের শীর্ষ পর্যায়ের অতিধনী ক্রেতাদের ব্যয় এই ঘাটতি পুষিয়ে দিচ্ছে। বেইনের হিসাবে, ২০২৬ সালে বিলাসপণ্যের শীর্ষ ক্রেতাদের ব্যয়ের পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ৭৮ হাজার কোটি ইউরো, যা পুরো বাজারের মোট ব্যয়ের ৫০ শতাংশেরও বেশি। ব্যক্তিগত বিলাসপণ্যের বাজারেও তাঁদের ব্যয়ের হিস্যা প্রায় ৪৮ শতাংশ।
অভিজ্ঞতাভিত্তিক খাতে জোর
নিছক পণ্য কেনার চেয়ে স্মরণীয় অভিজ্ঞতা অর্জনে ক্রেতাদের আগ্রহ বাড়ায় বিলাসবহুল অভিজ্ঞতাভিত্তিক খাতগুলো প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হয়ে উঠেছে। আতিথেয়তা, উন্নত মানের খাবার ও পানীয়, প্রমোদতরি (ক্রুজ), ব্যক্তিগত উড়োজাহাজ ও ইয়টের মতো খাত নিয়ে গঠিত এই অংশের বাজার ২০২৬ সালে ৫৩ হাজার ৩০০ কোটি ইউরোতে পৌঁছাতে পারে, যেখানে বার্ষিক প্রবৃদ্ধি হতে পারে ২ থেকে ৪ শতাংশ। অন্যদিকে দুই বছরের সামান্য সংকুচিত অবস্থার পর ব্যক্তিগত বিলাসপণ্যের বাজার ঘুরে দাঁড়াচ্ছে; এই খাতের আকার ৩৬ হাজার ৭০০ কোটি ইউরো হতে পারে (বর্তমান হারে ১ থেকে ৩ শতাংশ এবং স্থির মুদ্রা হারে ২ থেকে ৪ শতাংশ প্রবৃদ্ধি)।
অঞ্চলভেদে ভিন্ন চিত্র
আঞ্চলিক পর্যায়ে বিলাসপণ্যের বাজারে মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে। স্থির মুদ্রা হারে ২০২৬ সালে আমেরিকা অঞ্চলে ৪ থেকে ৬ শতাংশ প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে, যা বাজারের শীর্ষে অবস্থান ধরে রেখেছে। ইউরোপে পর্যটকদের ব্যয় পণ্য থেকে সরে ভ্রমণ ও আতিথেয়তার দিকে ঝুঁকায় প্রবৃদ্ধি তুলনামূলক কম—১ থেকে ৩ শতাংশ হতে পারে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে (এপ্যাক) চীনের ধীরগতির কারণে বাজার ২ থেকে ৪ শতাংশ সংকুচিত হতে পারে। আর ভূরাজনৈতিক চাপের কারণে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অন্যান্য অঞ্চলে ৬ থেকে ৮ শতাংশ পতনের আশঙ্কা করা হচ্ছে।
সমীক্ষার প্রধান লেখক ও বেইন অ্যান্ড কোম্পানির ফ্যাশন অ্যান্ড লাক্সারি বিভাগের বৈশ্বিক প্রধান ক্লদিয়া ডি’আরপিজিও বলেন, বিলাসপণ্যের বাজার এখন কেবল ধীরগতি বা পুনরুদ্ধারের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং এটি নিজের পরিসর নতুনভাবে সংজ্ঞায়িত করছে। প্রতিকূলতার মাঝেও ভোক্তাদের ভিত্তি টিকে আছে, তবে তাঁদের অগ্রাধিকার ও মূল্যবোধে পরিবর্তন এসেছে।
সূত্র: বেইন এণ্ড কোম্পানি
বিভি/এমএফআর













মন্তব্য করুন: