ডিসেম্বরে পেট্রাপোল সীমান্ত দিয়েই ফিরবেন হাসিনা, দাবি বিজেপি বিধায়কের
শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন নিয়ে নতুন করে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে তিনি দেশে ফিরতে পারেন, এমন আলোচনার মধ্যেই ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরকে সম্ভাব্য প্রবেশপথ হিসেবে উল্লেখ করেছেন বনগাঁর বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। তার দাবি, শেখ হাসিনাকে ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরানোর প্রস্তুতি নিচ্ছে বিশ্বের শক্তিশালী কয়েকটি দেশ।
সোমবার (২৩ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বপন মজুমদার বলেন, পেট্রাপোল সীমান্ত দিয়েই শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করতে পারেন। সেই দিন খুব বেশি দূরে নয়। এ সময় তিনি আরও বলেন, শেখ হাসিনা ওই সীমান্ত দিয়ে দেশে ফিরলে তার সাথে সাথে চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্ত করার দাবিতে সেখানে অনেক মানুষ একত্র হবেন।
এদিকে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের পথ খতিয়ে দেখতে আওয়ামী লীগের চার জ্যেষ্ঠ নেতা রোববার পেট্রাপোল সীমান্ত পরিদর্শন করেছেন বলে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানাচ্ছে। তাদের মধ্যে ছিলেন জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, এ এফ এম বাহাউদ্দিন নাসিম ও আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। প্রায় দুই ঘণ্টা তারা পেট্রাপোলের অভিবাসন এলাকায় বৈঠক করেন বলে খবর প্রকাশিত হয়েছে। ত্রিপুরার আগরতলা-আখাউড়া সীমান্তপথও তাদের বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।
তবে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে ঢাকার অবস্থান সুস্পষ্ট। সোমবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ভারত থেকে দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাকে প্রত্যর্পণের জন্য ভারতের সঙ্গে বিদ্যমান চুক্তির আওতায় যোগাযোগ করছে বাংলাদেশ সরকার।
বিভি/এইচজে













মন্তব্য করুন: