• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

হরমুজে মাইন বিস্ফোরণে তিন জাহাজে আগুন

প্রকাশিত: ০৯:৩৪, ২৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
হরমুজে মাইন বিস্ফোরণে তিন জাহাজে আগুন

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাতের পর তিনটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটির দাবি, জাহাজগুলোকে মার্কিন সামরিক বাহিনী পাহারা দিলেও বিস্ফোরণ ও আগুন ঠেকানো যায়নি। 

সোমবার (২৩ নভেম্বর) রাতে আইআরজিসির বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানায়। আইআরজিসির তথ্য অনুযায়ী, আক্রান্ত ট্যাংকারগুলোর একটি হরমুজ প্রণালির দক্ষিণ উপকূলে এবং অন্য দুটি প্রণালির পূর্বাংশে অবস্থান করছিল।

আইআরজিসির বিবৃতিতে দাবি করা হয়েছে, দখলদার মার্কিন সেনাবাহিনীর আকাশপথের সুরক্ষা ও প্রহরার মধ্যে থাকা অবস্থাতেই ট্যাংকার তিনটি নৌ মাইনে আঘাত হানে। এতে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং জাহাজগুলোতে আগুন ধরে যায়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনীর আকাশপথের এই প্রহরা দুর্ঘটনাগুলো প্রতিরোধে ব্যর্থ হয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই এসব জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ছবি ও ফুটেজ প্রকাশ করা হবে।

পাশাপাশি প্রণালিতে অননুমোদিত নৌপথ ব্যবহার না করতে এবং সামুদ্রিক চলাচলের নিয়মাবলি মেনে চলতে জাহাজ মালিক ও নাবিকদের সতর্ক করেছে আইআরজিসি নৌবাহিনী। তবে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত ট্যাংকারগুলোর নাম বা সেগুলো কোন দেশের পতাকাবাহী, তা জানানো হয়নি।

এর আগে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক হামলা শুরু করলে গত ১২ জুলাই হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেয় তেহরান। ইরানি কর্তৃপক্ষের নির্ধারিত পথের বাইরে অন্য কোনো রুট ব্যবহার করলে বা অনুমতি ছাড়া এই জলপথ পাড়ি দেওয়ার চেষ্টা করলে সেই জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে বলেও সতর্ক করা হয়েছিল।


সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

বিভি/এমএফআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত